ফেডারেল রিজার্ভ ২০১৪ সালের আগে সুদহার বাড়াবে না
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ জানিয়েছে, ২০১৪ সালের শেষ ভাগের আগপর্যন্ত তারা সুদের হার বাড়ানোর প্রত্যাশা করছে না।ফেডারেল রিজার্ভের এই বিস্ময়কর ঘোষণার তাৎক্ষণিক প্রভাব পড়েছে আন্তর্জাতিক মুদ্রাবাজারে। ইউরোসহ বিভিন্ন মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের দর পড়ে গেছে। এর ফলে যুক্তরাষ্ট্র সরকারের ঋণ গ্রহণের ব্যয়ও কমে যাবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।ফেডারেল রিজার্ভ আরও বলেছে, মূল্যস্ফীতির হার কমে এখন তাদের প্রাক্কলিত সীমার মধ্যে রয়েছে। যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির হার এখন কার্যত শূন্য। অবশ্য ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণ কমিটির কয়েকজন সদস্য মনে করেন, সুদের হার দ্রুত বাড়ানো প্রয়োজন। ১৭ সদস্যের এই কমিটির তিনজন সদস্য চলতি বছরের শেষ দিকেই সুদহার বাড়াতে হবে বলে মনে করেন। আরও ছয়জন সদস্য মনে করেন, সুদহার ২০১৩ সালের শেষ দিকে বাড়ানোর প্রয়োজন হবে।আবার বাকি আটজন সদস্যের মধ্যে ছয়জন মনে করছেন, ২০১৪ সালের শেষে এসেও সুদের হার নিম্নতম পর্যায়ে থাকবে। তবে একজনের মতে, এটা বাড়িয়ে পৌনে ৩ শতাংশ করতে হবে।উল্লেখ্য, ফেডারেল রিজার্ভের সুদহার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারণী হার হিসেবে বিবেচিত। সূত্র: বিবিসি।