ফেডারেল রিজার্ভের প্রধান নিযুক্ত হলেন জেনেট ইয়েলেন

মনোনয়নটা গত বছরই হয়ে গিয়েছিল। সিদ্ধান্তও চূড়ান্ত হয়ে গিয়েছিল। বাকি ছিল আনুষ্ঠানিকতা, সেটা সম্পন্ন হলো গত সোমবার।
মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নতুন প্রধান হিসেবে জেনেট ইয়েলেনের নিয়োগ অনুমোদন করেছে। ৫৬ সিনেটর তাঁর পক্ষে এবং ২৬ জন বিপক্ষে ভোট দেন। খবর এএফপির।
এর ফলে ফেডারেল রিজার্ভের শতবর্ষের ইতিহাসে এই প্রথম একজন নারী চেয়ারম্যান হতে যাচ্ছেন। প্রেসিডেন্ট বারাক ওবামার মনোনীত প্রার্থী ৬৭ বছর বয়সী ইয়েলেন সিনেটে দুই দলেরই সমর্থন লাভ করেন। বর্তমানে ফেডারেল রিজার্ভের ভাইসচেয়ার। তিনি ৬৭ বছর বয়সী বেন বার্নানকের স্থলাভিষিক্ত হবেন। বার্নানকে আট বছর ধরে দায়িত্ব পালনের পর ৩১ জানুয়ারি দায়িত্ব ছেড়ে দেবেন।
প্রেসিডেন্ট বারাক ওবামা সিনেটে ইয়েলেনের অনুমোদনে আনন্দ প্রকাশ করে বলেছেন, ইয়েলেন কেন্দ্রীয় ব্যাংক ও দেশের উত্তম সেবা করবেন। এক বিবৃতিতে ওবামা বলেন, ‘আমেরিকার জনগণ একজন শক্ত নেতৃত্ব পাবে, যিনি অনুধাবন করেন যে অর্থনৈতিক ও আর্থিক নীতি-নির্ধারণের চূড়ান্ত লক্ষ্য হলো আমেরিকার শ্রমজীবী মানুষ ও তাদের পরিবারবর্গের জীবনযাত্রা, কর্মসংস্থান ও জীবনমান উন্নত করা।’
অর্থনীতিতে ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রিধারী জেনেট লন্ডন স্কুল অব ইকোনমিকসে অধ্যাপনা করেছেন।