যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের একটি সম্ভাব্য বৈঠক স্থগিত হয়ে গেছে। নিউইয়র্ক ফেডে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া ৮ কোটি ১০ লাখ ডলার ফেরত পাওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চলতি সপ্তাহে এ বৈঠক হওয়ার কথা ছিল।
এ নিয়ে বার্তা সংস্থা রয়টার্স গত মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তবে রয়টার্সের প্রতিবেদনটি বাংলাদেশ ব্যাংক প্রত্যাখ্যান করেছে।
জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের মহাব্যবস্থাপক দেবপ্রসাদ দেবনাথ মঙ্গলবার প্রথম আলোকে এ বিষয়ে বলেন, ‘চলতি সপ্তাহে ফেডের সঙ্গে আমাদের কোনো পূর্বনির্ধারিত সভা নেই। তাই বৈঠক বাতিলের কোনো প্রশ্নই আসে না। তবে আমরা শিগগির তাদের সঙ্গে বসব।’
রয়টার্সের প্রতিবেদনটিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান আবু হেনা মো. রাজী হাসানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদলের বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল। কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেন, ‘ফেডের সঙ্গে এ বিষয়ে আমাদের আলোচনা চলছে। চলতি মাসের শেষে অথবা আগস্টের প্রথমেই এ বৈঠক করা সম্ভব হবে বলে আশা করছি।’
প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংকের আরেকজন কর্মকর্তাকে উদ্ধৃত করে বলা হয়, বৈঠক স্থগিত হওয়ার বিষয়টি তিনি স্বীকার করেন। তবে বৈঠক স্থগিত হওয়ার কারণ সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
রিজার্ভ চুরির ঘটনার পরে পাঁচ মাস চলে গেলেও এ ঘটনার সঙ্গে দায়ী ব্যক্তিদের এখনো চিহ্নিত করতে পারেনি বাংলাদেশ ব্যাংক। নিউইয়র্ক ফেডে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে গত ৫ ফেব্রুয়ারি মোট ১০ কোটি ডলার হ্যাকাররা চুরি করেছিল। এর মধ্যে শ্রীলঙ্কায় যাওয়া ২ কোটি ডলার ফেরত আনা সম্ভব হয়েছে। তবে ফিলিপাইনে যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের বড় অংশই এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
রিজার্ভ চুরির ঘটনা প্রকাশিত হওয়ার পরে বাংলাদেশ ব্যাংকের তৎকালিন গভর্নর আতিউর রহমান পদত্যাগ করতে বাধ্য হন। তখন দুই ডেপুটি গভর্নরকেও অপসরাণ করা হয়। এ ছাড়া বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করা হয় অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে।