ফেডের বিরুদ্ধে মামলা হতে পারে: অর্থমন্ত্রী
বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভ ফেরত না দেওয়ার ব্যাপারে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) বিবৃতিটি নৈতিক দিক থেকে ঠিক নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আবার অর্থ ফেরত পেতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের বিরুদ্ধে মামলা করা হতে পারে বলেও ইঙ্গিত দেন অর্থমন্ত্রী।
সচিবালয়ে গতকাল বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমি আরসিবিসিকে ধন্যবাদ জানালাম, যা নিয়ে গত মঙ্গলবার প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। এর মধ্যে তাদের কী পরিবর্তন হয়ে গেল, বুঝতে পারছি না।’
তবে আরসিবিসির বিবৃতির ফলে মূল্যবোধের সংকট সৃষ্টি হয়েছে।’
রিজার্ভ চুরির ওপর করা মোহাম্মদ ফরাসউদ্দিন কমিটির প্রতিবেদন প্রকাশ না করা, এমনকি অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কাছেও তা তুলে না ধরা নিয়ে কমিটি প্রায়ই অভিযোগ তোলে—এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, সময় হলে ঠিকই প্রকাশ করা হবে। স্থায়ী কমিটি পরামর্শ দেবে, আদেশ নয়।
নিজের দায়িত্বের সময় যত প্রতিবেদন করা হয়েছে, সবই প্রকাশ করেছেন বলে জানান অর্থমন্ত্রী।
আরসিবিসির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা হবে কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘এটা নিশ্চিত নয়। তবে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের বিরুদ্ধে মামলাও করতে পারি। কারণ, সন্দেহ প্রকাশ করার পরও তারা টাকা দিয়েছে। আমি মনে করি, ফেডের বিরুদ্ধে মামলা হওয়া উচিত।’