ফেনী নদীতে সেতু স্থাপনের কাজ শুরু করছে ভারত
বাংলাদেশের সঙ্গে সেতু সংযোগ স্থাপনের কাজ শুরু করছে ভারত।
ভারত ইতিমধ্যে একটি ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট বা বিশদ প্রকল্প প্রতিবেদন (ডিপিআর) তৈরিসহ প্রাথমিক কাজ শুরু করেছে। এর আলোকে ফেনী নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হবে; যাতে সেই দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো ও বাংলাদেশের বন্দরগুলোর মধ্যে পণ্য ও ভারী যন্ত্রপাতি আনা-নেওয়া যায়।
বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার খবর অনুযায়ী ত্রিপুরা রাজ্যের গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী সুনীল ভৌমিক গতকাল রোববার সাংবাদিকদের বলেছেন, ‘ফেনী নদীর ওপর সেতু নির্মাণের লক্ষ্যে আমরা ডিপিআর তৈরিসহ প্রাথমিক কাজ শুরু করেছি।’
সুনীল ভৌমিক বলেন, ‘দুই মাসের মধ্যে ডিপিআর তৈরি করে তা ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য বিভাগে জমা দেওয়া হবে।’ সেতুটি নির্মাণে ১০০ কোটি ভারতীয় রুপি ব্যয়ের তথ্য জানিয়ে তিনি বলেন, সীমান্তের উভয় পাশেই জমি অধিগ্রহণসহ সব সমস্যারও সমাধান হয়ে গেছে।
গত মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময়ে ফেনী নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ জুন যৌথভাবে ১৫০ মিটার বা ৪৯০ ফুট দীর্ঘ এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেতুটি তৈরি হলে ত্রিপুরা রাজ্যের সাবরুম ও বাংলাদেশের রামগড় উপজেলার মধ্যে সংযোগ স্থাপিত হবে। এর ফলে চট্টগ্রাম আন্তর্জাতিক বন্দর হয়ে বাংলাদেশ ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে বাণিজ্য বৃদ্ধি পাবে।