
ফেনীর ‘গোল্ড আনোয়ার’ খ্যাত ব্যবসায়ী আনোয়ার হোসেনকে রূপালী ব্যাংকের দেওয়া ১৫৩ কোটি টাকার ঋণের মধ্যে ৭৮ কোটি টাকা গেছে বৈধভাবে। বাকি ৬৫ কোটি টাকা শাখা ব্যবস্থাপনা অনিয়ম করে দিয়েছে। এ কারণে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আতাউর রহমান প্রধান গতকাল বুধবার প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান। এমডি হিসেবে তাঁর দায়িত্ব নেওয়ার ১০০ দিন পূর্ণ হওয়া উপলক্ষে এ মতবিনিময়ের আয়োজন করা হয়।
এ সময় আতাউর রহমান প্রধান বলেন, বর্তমানে রূপালী ব্যাংকের খেলাপি ঋণ অনেক বেশি। কারণ, আগে অনেক খেলাপি ঋণকে নিয়মিত দেখানো হয়েছে। প্রভিশন ঘাটতি রেখেও আয় দেখিয়ে মুনাফা বাড়ানো হয়েছে। এতে ব্যাংকের প্রকৃত আর্থিক চিত্র যেমন লুকানো হয়েছে, তেমনি মুনাফা থেকে কর দিয়ে আর্থিক ক্ষতিও করা হয়েছে।
আতাউর রহমান জানান, তিনি দায়িত্ব নেওয়ার পর সব শাখা থেকে সঠিক তথ্য সংগ্রহ করা হয়েছে। এতে সেপ্টেম্বরে ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে।