ফেনীতে কৃষি ব্যাংকের দুটি শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) দুটি নতুন শাখা খোলা হয়েছে। জেলা শহরের মুক্ত বাজারে ও সদর উপজেলার ফাজিলপুর বাজারে গতকাল বুধবার এ দুটি শাখা উদ্বোধন করা হয়।ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ শাখা দুটির উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোখতার হোসেনের সভাপতিত্বে ফাজিলপুর শাখার উদ্বোধনী অনুষ্ঠানে ফেনী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, ব্যাংকের কুমিল্লা বিভাগের মহাব্যবস্থাপক মোশারফ হোসেন চৌধুরী, ফেনীর আঞ্চলিক ব্যবস্থাপক এরশাদ উদ্দিন আহম্মদ এবং ফাজিলপুর ইউপির চেয়ারম্যান মো. রুহুল আমিন বক্তব্য দেন। অন্যদিকে, ফেনী মুক্তবাজার শাখার উদ্বোধন অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. হাফিজ উদ্দিন ও বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা সৈয়দ সিরাজুল ইসলাম এবং বিশিষ্ট ব্যবসায়ী আবদুল মোতালেব বক্তব্য দেন।খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, বাংলাদেশ বিদেশ থেকে বছরে সাড়ে ১২ হাজার কোটি টাকার মসলা আমদানি করে। তাই কৃষি ব্যাংক বিদেশি মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে কৃষকদের মসলা চাষের জন্য মাত্র দুই শতাংশ সুদে ঋণ দিতে শুরু করছে। ইব্রাহিম খালেদ প্রবাসীদের কৃষি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর অনুরোধ জানিয়ে বলেন, ‘কৃষি ব্যাংক ৪৮ ঘণ্টার মধ্যেই তা প্রাপকের হাতে পৌঁছে দেবে।’