ফেনীতে মধ্যরাত পর্যন্ত চলে বেচাকেনা
ফেনীর বিপণিবিতানগুলোতে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। দম ফেলার ফুরসত পাচ্ছেন না দোকানমালিক ও কর্মচারীরা। বেচাকেনা চলে মধ্যরাত পর্যন্ত।
এবার ঈদে মেয়েদের পছন্দ ফ্লোর টাচ, কিরণমালা ও গাউন। কাটা থ্রিপিস বরফি, বাসন্তী ও পিয়নার কদরও কম না। ছেলেদের পছন্দ পাঞ্জাবি, পিকে, মেসি, চেলসি জিনস প্যান্ট।
তবে ক্রেতাদের অভিযোগ, গত বছরের চেয়ে এবার জামাকাপড়ের দাম একটু বেশি। অন্যদিকে বিক্রেতারা বলছেন, হাতের কাজের ওপর নির্ভর করে বিভিন্ন ডিজাইনের ফ্লোর টাচ ও গাউনের দাম। বিশেষ করে পোশাকে পাথরের কাজ করা থাকলে দাম একটু বেশি পড়ে।
কলেজ রোডের শহীদ হোসেনউদ্দিন বিপণিবিতান (শহীদ মার্কেট); পোস্ট অফিস রোডের ফেনী সেন্টার; মিজান রোডের গ্র্যান্ড হক টাওয়ার, জুম্মা শপিং সেন্টার ও তমিজিয়া শপিং কমপ্লেক্স; ট্রাংক রোডের জহিরিয়া টাওয়ার, ফেনী প্লাজা, সুরত সুপার মার্কেট, রোকেয়া শপিং সেন্টার, ইব্রাহিম হোসেন মার্কেট, ফেনী নিউমার্কেট, লাভ মার্কেট ও আলী আহম্মদ টাওয়ার; শহীদ শহীদুল্লা কায়সার সড়কের এফ রহমান এসি মার্কেট, গুলশান মার্কেটসহ শহরের বিভিন্ন অলিগলির পোশাক, প্রসাধনী ও রকমারি সাজের দোকানপাটগুলোতে জমজমাট কেনাবেচা হচ্ছে।
ফেনী সেন্টারের রাজমহল বুটিক হাউসে একটি ভারতীয় লেহেঙ্গার দাম হাঁকা হয়েছে ৯৫ হাজার টাকা। এ ছাড়া ভারতীয় কিরণমালা ৩ হাজার থেকে ১৫ হাজার টাকা, ফ্লোর টাচ ৩ হাজার থেকে সাড়ে ১২ হাজার টাকা এবং লেহেঙ্গা সর্বনিম্ন ১৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে বলে বুটিক হাউসটির মালিক জানান।
গ্র্যান্ড হক টাওয়ারে তৈরি ফ্লোর টাচের দাম হাঁকা হচ্ছে ৫ হাজার থেকে ১৫ হাজার টাকা। একই দামে এই পোশাক বিক্রি হচ্ছে এস এস কে রোডে অবস্থিত নন্দন বুটিকস, মায়াবী ও এফ রহমান এসি মার্কেটে।
ছেলেদের মাইনোভার পাঞ্জাবি এবার ঈদে বেশি চলছে। দাম সাড়ে তিন হাজার টাকার মধ্যে। কুটি গাউন ও দেশি পাঞ্জাবির কদরও রয়েছে।
দোকানিরা বলছেন, ঈদ উপলক্ষে মহিলারা নানা ধরনের শাড়ি কিনছেন। পোশাকের পাশাপাশি জুতা-সেন্ডেল এবং নানা ধরনের প্রসাধনীর দোকানেও ভালো বেচাকেনা চলছে।