ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়েছে
জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে টানা অবরোধ-হরতালসহ রাজনৈতিক অস্থিরতায় প্রভাব পড়েছে পণ্যের দামে। গত ফেব্রুয়ারি মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত দুই ধরনের পণ্যেই মূল্যস্ফীতি বেড়েছে। এর ফলে সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে দেখা গেছে, গত ফেব্রুয়ারি মাসে মাসওয়ারিভিত্তিতে মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ১৪ শতাংশ। গত জানুয়ারি মাসে এ হার ছিল ৬ দশমিক ০৪ শতাংশ।
আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে বিবিএসের এ তথ্য সাংবাদিকদের জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি জানান, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বাড়ি ভাড়া, সংস্কার ও সন্তানদের স্কুলে ভর্তি, বইখাতা কেনা এসব খাতে বাড়তি খরচ করতে হয়। তাই খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি বেড়েছে। এর ফলে সার্বিক মূল্যস্ফীতিও কিছুটা বেড়েছে।
গত জানুয়ারি মাসের মূল্যস্ফীতির হার প্রকাশ করার সময় পরিকল্পনামন্ত্রী বলেছিলেন, রাজনৈতিক অস্থিরতায় সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। তাই খাদ্যপণ্যে মূল্যস্ফীতি বেড়েছে। উল্লেখ্য, গত ফেব্রুযারি মাস জুড়েই টানা অবরোধ ও হরতাল ছিল। সেই হরতাল ও অবরোধের প্রভাব পড়েছে মূল্যস্ফীতিতে।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর প্রথম আলোকে বলেন, হরতাল-অবরোধে পণ্যের সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় পণ্যের দাম বেড়েছে, মূল্যস্ফীতি বেড়েছে। তবে এ মূলস্ফীতির সুফল পণ্যের উৎপাদকেরা পাচ্ছেন না। পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় ব্যবসায় খরচ বেড়েছে।
গ্রাম ও শহর—এ দুই জায়গার মানুষকে আগে চেয়ে বেশি মূল্যস্ফীতির চাপ সামলাতে হচ্ছে। তবে গ্রামের চেয়ে শহরের মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ বেশি। গত ফেব্রুয়ারি শহরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৬২ শতাংশ, আর গ্রামে এ হার ৫ দশমিক ৮৯ শতাংশ।
আবার মানুষের আয় কতটা বাড়ল কিংবা কমল, তা জাতীয় মজুরি হার সূচক দিয়ে বোঝানো হয়। বিবিএসের দেওয়া তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসে জাতীয় মজুরি হার সূচক ৮৯৮৬। যা ২০১৪ সালের জানুয়ারি মাসের তুলনায় ৯ দশমিক ২৪ শতাংশ বেড়েছে। এর মানে হলো, যে হারে মূল্যস্ফীতি হয়েছে, তারচেয়ে বেশি হারে মজুরি বেড়েছে।