ফেব্রুয়ারি থেকে ব্যবসা প্রক্রিয়া সহজ করতে চায় বিডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ব্যবসা করার প্রক্রিয়া বা ডুয়িং বিজনেস ফেব্রুয়ারি থেকে সহজ হবে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এ জন্য ব্যবসা ও বিনিয়োগ-সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ নিয়ে কর্মপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। চলতি মাসেই এ কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে।

ঢাকার একটি হোটেলে গতকাল রোববার  আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুছুর রহমান।

সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, আইনকানুন ও নিয়মনীতির প্রয়োজনীয় সংস্কার করে আগামী পাঁচ বছরের মধ্যে ডুয়িং বিজনেস প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান দুই অঙ্ক বা ৯৯-এর নিচে নামিয়ে আনব। এটি কষ্টসাধ্য হলেও অসম্ভব নয়।’ তিনি বলেন, ব্যবসার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও প্রতিষ্ঠানে কী পরিবর্তন করলে বিনিয়োগের কর্মপরিবেশ উন্নত হবে, সে বিষয়ে কর্মপরিকল্পনা হচ্ছে।

‘বিশ্বব্যাংকের ডুয়িং বিজনেস’ প্রতিবেদন অনুযায়ী, সহজে ব্যবসা করা যায় এমন ১৮৯ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান গতবার ছিল ১৭৮। দুই ধাপ উন্নতি করে এবার হয়েছে ১৭৬তম। প্রতিবেদনের ১০টি মূল সূচক হলো ব্যবসায় শুরু, অবকাঠামো নির্মাণের অনুমতি, বিদ্যুতের প্রাপ্যতা, সম্পত্তি নিবন্ধন, ঋণের প্রাপ্যতা, ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুরক্ষা, কর পরিশোধ, বৈদেশিক বাণিজ্য, চুক্তির বাস্তবায়ন ও অসচ্ছলতা দূরীকরণ।

সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ১০টি সূচকের মধ্যে বিদ্যুৎ প্রাপ্যতায় সবচেয়ে খারাপ অবস্থানে আছে বাংলাদেশ। বাংলাদেশে বিদ্যুতের সংযোগ পেতে গড়ে সময় লাগে ৪২৮ দিন।

বিডার চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম আরও বলেন, ‘ব্যবসা সহজ করার জন্য চলতি মাসের শেষে সংশ্লিষ্ট প্রতিটি প্রতিষ্ঠানের কর্মপরিকল্পনা চূড়ান্ত হবে। ১ ফেব্রুয়ারি কর্মপরিকল্পনা বাস্তবায়নে নামব।’

আবুল কালাম আজাদ বলেন, দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও অনেক হাইটেক পার্ক করার পরিকল্পনা নিয়েছে সরকার। এসব জায়গায় বিনিয়োগ তখনই আসবে যখন বিনিয়োগের পরিবেশ পরিস্থিতি উন্নতি হবে। তিনি বলেন, বিনিয়োগের সঙ্গে সংশ্লিষ্ট ১৮ মন্ত্রণালয়ের কোন কোন ক্ষেত্রে উন্নয়ন করা প্রয়োজন, তা চিহ্নিত করা হয়েছে। এখন চূড়ান্ত পরিকল্পনা তৈরি হবে। আগামী মাসের প্রথম থেকে বাস্তবায়ন হবে।

বিনিয়োগকারীরা কবে থেকে সুবিধা পাবেন জানতে চাইলে আবুল কালাম আজাদ বলেন, ‘ধরুন, কাজ শুরু হয়েছে। আমরা যখন বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি, তখন থেকেই সবাই নড়েচড়ে বসেছে। যেমন বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী শিল্প স্থাপনে বিদ্যুৎ-সংযোগ পেতে ৪০০ দিনের বেশি সময় লাগে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, ৬০ দিনের মধ্যে নিয়ে আসা সম্ভব।’

সংবাদ সম্মেলনের আগে দিনব্যাপী বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে বলে জানান বিডার নির্বাহী চেয়ারম্যান।