ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতি সামান্য কমেছে
ফেব্রুয়ারি মাসে সাধারণ মূল্যস্ফীতি কিছুটা কমেছে। এ মাসে মাসওয়ারি ভিত্তিতে মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৪৪ শতাংশ। আর জানুয়ারি মাসে এই হার ছিল ৭ দশমিক ৫০ শতাংশ।
তবে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি কমলেও খাদ্যপণ্যে বেড়েছে। ফেব্রুয়ারি মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি দশমিক ০৩ শতাংশ বেড়ে ৮ দশমিক ৮৪ শতাংশ হয়েছে। আর খাদ্যবহির্ভূত পণ্যে এই হার হলো ৫ দশমিক ৩৭ শতাংশ, যা আগের মাসের চেয়ে দশমিক ১৬ শতাংশ কম।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আনুষ্ঠানিকভাবে ফেব্রুয়ারি মাসের মূল্যস্ফীতির সামগ্রিক পরিস্থিতি প্রকাশ করে। এ উপলক্ষে আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিবিএসের মহাপরিচালক গোলাম মোস্তফা কামালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে গোলাম মোস্তফা কামাল বলেন, বেসরকারি খাতে ভোগ্যপণ্য উত্পাদন ব্যয় বেড়েছে। তাই এর প্রভাব খাদ্যপণ্যের মূল্যস্ফীতিতে।
বিবিএসের মহাপরিচালক মনে করেন, বর্তমানে মূল্যস্ফীতি পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। এই ধারা অব্যাহত থাকলে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব।
উল্লেখ্য, চলতি অর্থবছরের মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ শতাংশ।