অবশেষে আগামী মাসের মধ্যে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিদ্যমান ভুল সূচকের পরিবর্তে চালু হবে নতুন সূচক। আন্তর্জাতিক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর নতুন সূচক চালুর বিষয়ে কাজ করছে। ডিসেম্বরের মধ্যে এই কাজ সম্পন্ন করে নতুন সূচক চালু করা সম্ভব হবে বলে জানিয়েছে ডিএসই কর্তৃপক্ষ। একই সঙ্গে সংস্থাটি ঘোষণা করেছে, আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগে ডিএসইর বাংলা ওয়েবসাইট চালু করা হবে। এক সংবাদ সম্মেলনে ডিএসইর নেতারা গতকাল বুধবার এ ঘোষণা দেন। শেয়ারবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে ডিএসইর একগুচ্ছ সংস্কার প্রস্তাবনা নিয়ে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সঙ্গে বৈঠকের পর এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সংস্কার প্রস্তাবনার বিভিন্ন বিষয় ও প্রয়োজনীয়তার দিক তুলে ধরেন ডিএসই সভাপতি রকিবুর রহমান ও ঊর্ধ্বতন সহসভাপতি আহমেদ রশিদ লালী। এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএসইর সহসভাপতি মোহাম্মদ শাহজাহান, পরিচালক মিজানুর রহমান খান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোশাররফ এম হোসেন, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) শুভ্র কান্তি চৌধুরী। ডিএসই বলছে, বাজারের স্বচ্ছতা নিশ্চিত করতে হলে যেকোনো কোম্পানি তালিকাভুক্ত হওয়ার আগে সেটির পেছনের উদ্যোক্তা পরিচালক, ব্যবস্থাপনার দায়িত্বে কারা রয়েছেন তাঁদের বিষয়টিকে সর্বাধিক গুরুত্বসহকারে বিবেচনায় নিতে হবে। কারণ, কোনো ভালো উদ্যোক্তা পরিচালক ও ব্যবস্থাপকের হাতে একটি খারাপ কোম্পানিও অনেক ভালো হতে পারে। একইভাবে কোম্পানির পেছনের লোকগুলো খারাপ হলে ভালো কোম্পানিও খারাপ হতে সময় লাগে না। এ কারণে যেকোনো কোম্পানির আইপিও অনুমোদন দেওয়ার আগে ওই কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অতীত কার্যক্রমের বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে দেখা উচিত। ডিএসই সভাপতি বলেন, তিন মাস ধরে অনেক আলাপ-আলোচনা ও পরীক্ষা-নিরীক্ষা শেষে ডিএসইর পক্ষ থেকে এসইসিতে একগুচ্ছ সংস্কার প্রস্তাব জমা দেওয়া হয়েছে। সেই সব প্রস্তাব নিয়ে এসইসির সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে। কমিশন তাদের আশ্বস্ত করেছে, সংস্কার প্রস্তাবগুলো তাঁরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে। তারপর প্রয়োজনীয় ক্ষেত্রে আইনে সংযোজনের উদ্যোগ নেওয়া হবে। রকিবুর রহমান জানান, শেয়ারবাজারের স্বাভাবিক ধারা যাতে ব্যাহত না হয়, সে জন্য তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের শেয়ার সাধারণ বাজারের পরিবর্তে ব্লক মার্কেট বা বিশেষ ব্যবস্থায় বিক্রির প্রস্তাব করেছে ডিএসই। এসইসি এ ব্যাপারে আশ্বস্ত করেছে বলেও ডিএসই সভাপতি জানান। স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণ বা ডিমিউচুয়ালাইজেশনের কাজ এগিয়ে যাচ্ছে বলে জানায় ডিএসই। সংস্থাটি বলছে, সংসদের আগামী অধিবেশনে এ-সংক্রান্ত আইনটি পাস হওয়ার পরই এর বাস্তবায়নের কাজ শুরু হবে। ডিএসই সভাপতি আরও বলেন, ডিমিউচুয়ালাইজেশন নিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে ব্রোকারেজ হাউস ও স্টক এক্সচেঞ্জের সদস্যদের সঙ্গে সে দেশের সরকার ও নিয়ন্ত্রক সংস্থার মধ্যে নানা সমস্যা দেখা দিয়েছিল। কিন্তু এখানে সেটি হয়নি। সবাই সহজভাবে এটা মেনে নিয়েছে। ডিএসইর নেতারা জানিয়েছেন, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির আইনকে আরও যুগোপযোগী ও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসইসিও এ বিষয়ে তাদের সম্মতি দিয়েছে। এ ছাড়া বাজারের স্বচ্ছতার স্বার্থে ডিএসই তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদনের শতভাগ সত্যতা নিশ্চিত করার কথা বলেছে। অনেক সময় দেখা যায় বিভিন্ন প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি আয় বা ইপিএসে বেশ কম-বেশি হয়। এসব ক্ষেত্রে এখন থেকে কোম্পানিগুলোকে আয় কম-বেশি হওয়ার কারণ ব্যাখ্যা করতে হবে। ডিএসইর প্রস্তাবনায় তালিকাভুক্তি আইন, অধিকারমূলক বা রাইট শেয়ার ইস্যু, শেয়ারের অধিমূল্য বা প্রিমিয়াম নির্ধারণ, পরিচালকদের শেয়ার বিক্রি, শেয়ার বাইব্যাক আইন, পূর্ণাঙ্গ ব্রোকারেজ হাউস সেবা চালু, বিনিয়োগকারীর সুরক্ষা বিধান, কোম্পানির সম্পদ পুনর্মূল্যায়নসহ বেশ কিছু আইনে সংস্কারের সুপারিশ করা হয়।