ফেব্রুয়ারিতে বেড়েছে প্রবাসী-আয়প্রবাহ
অব্যাহত শ্লথ গতি কাটিয়ে এ বছর ফেব্রুয়ারি মাসে প্রবাসী-আয়ের প্রবাহ বেড়েছে। গত বছরের ফেব্রুয়ারির তুলনায় এ বছর ফেব্রুয়ারি মাসে প্রবাসী-আয়ের প্রবাহ বেড়েছে সাড়ে ১৭ শতাংশ।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে দেখা যায়, ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে প্রবাসী বাংলাদেশিরা ৯৭ কোটি ৪৪ লাখ ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যাংকব্যবস্থার মাধ্যমে দেশে পাঠিয়েছেন। আর ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে এই প্রবাসী-আয়ের পরিমাণ ছিল ৮২ কোটি ৭৮ লাখ ডলার।শুধু তাই নয়, চলতি বছর জানুয়ারি মাসের চেয়েও ফেব্রুয়ারি মাসে সামান্য বেশি পরিমাণ প্রবাসী-আয় দেশে এসেছে। জানুয়ারি মাসে এই আয়ের পরিমাণ ছিল ৯৭ কোটি ডলার। অথচ জানুয়ারি মাসের চেয়ে ফেব্রুয়ারি মাসে সাধারণত প্রবাসী-আয়ের প্রবাহ খানিকটা কমই থাকে।ফেব্রুয়ারির আয় বেড়ে যাওয়ায় চলতি ২০১০-১১ অর্থবছরের প্রথম আট মাসে মোট প্রবাসী-আয়প্রবাহ দাঁড়িয়েছে ৭৪৯ কোটি ৫৫ লাখ ডলারে। এটি ২০০৯-১০ অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় আড়াই শতাংশ বেশি। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে সম্প্রতি মাসগুলোয় বড় ধরনের গণবিক্ষোভের ফলে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতা সেখানে কর্মরত প্রবাসীরা শংকিত হয়ে পড়েছেন। এই ধারাবাহিকতায় প্রবাসী বাংলাদেশিদের অনেকেই তাঁদের সঞ্চিত অর্থ দেশে পাঠাচ্ছেন বলে সংশ্লিষ্ট ব্যাংকাররা মনে করছেন। ফলে ফেব্রুয়ারি মাসে আয়-প্রবাহ বেড়েছে।