ফেব্রুয়ারিতে বড় ধরনের বাণিজ্য ঘাটতিতে চীন
চলতি বছর ফেব্রুয়ারি মাসে চীনে বড় ধরনের বাণিজ্য ঘাটতি দেখা দিয়েছে। মূলত বিপুল পরিমাণ জ্বালানি তেল আমদানি ও তার ব্যয় মেটাতে গিয়েই এ ঘাটতি হয়েছে। খবর এএফপির।চীনের সরকারি পরিসংখ্যান থেকে দেখা যায়, ফেব্রুয়ারি মাসে পণ্যবাণিজ্যে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ১৪৮ কোটি ডলার, যেখানে জানুয়ারি মাসেই উদ্বৃত্ত ছিল দুই হাজার ৭২৮ কোটি ডলার।মাসওয়ারী বিবেচনায় ১২ বছরের মধ্যে এটাই কোনো একক মাসে চীনের পণ্যবাণিজ্যে সবচেয়ে বড় ঘাটতি। পরিসংখ্যান থেকে দেখা যায়, ফেব্রুয়ারি মাসে পণ্য রপ্তানি থেকে চীনের আয় হয়েছে ১১ হাজার ৪৪৭ কোটি ডলার। একই সময় পণ্য আমদানি বাবদ ব্যয় হয়েছে ১৪ হাজার ৫৯৬ কোটি ডলার।ফেব্রুয়ারি মাসে যেখানে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ১৮ শতাংশ, সেখানে আমদানি ব্যয় বেড়েছে সাড়ে ৩৯ শতাংশ।ফেব্রুয়ারি মাসে গড়ে প্রতিদিন চীন ৫৯ লাখ ৮০ হাজার ব্যারেল অশোধিত জ্বালানি তেল আমদানি করেছে। মোট আমদানির পরিমাণ ছিল দুই কোটি ৩৬ লাখ ৪০ হাজার টন। ইউরো অঞ্চলে আর্থিকসংকট ও মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর গতি দুর্বল হওয়ায় চীনের রপ্তানি শ্লথ হয়ে পড়েছে।সাধারণভাবে চীন প্রকৃত রপ্তানিকারক দেশ হিসেবেই পরিচিত। কেননা, দেশটি যে পরিমাণ পণ্য আমদানি করে, তারচেয়ে বেশি রপ্তানি করে থাকে। আবার ফেব্রুয়ারি মাসে চীনের মূল্যস্ফীতির হার যথেষ্ট নিম্নমুখী হয়েছে। একই সময় শিল্পোৎপাদনও খানিকটা শ্লথ হয়ে পড়েছে। এ অবস্থায় বাণিজ্য ঘাটতি বেড়ে যাওয়ার মানে হলো দেশটির অর্থনৈতিক কর্মকাণ্ড দুর্বল হয়ে পড়ছে। উচ্চ মূল্যস্ফীতি প্রশমন করতে চীন সরকার অর্থনীতির ছুটে চলা কিছুটা ধীর করতে কয়েক মাস আগ থেকেই পদক্ষেপ নেয়। তবে বিশ্লেষকেরা বলছেন, এখন প্রত্যাশার চেয়েও বেশি ধীর হয়ে পড়েছে চীনের অর্থনীতি।চীনের আন্তর্জাতিক বাণিজ্যের হালনাগাদ পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, চলতি বছরের প্রথম দুই মাসে (জানুয়ারি-ফেব্রুয়ারি) বৃহত্তম বাণিজ্য অংশীদার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য দাঁড়িয়েছে সাত হাজার ৯৮০ কোটি ডলার।