ফেব্রুয়ারিতে ভারতের মূল্যস্ফীতি বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেব্রুয়ারি মাসে ভারতের মূল্যস্ফীতির হার জানুয়ারি মাসের তুলনায় বেড়েছে।ভোক্তা মূল্যসূচকের ভিত্তিতে ফেব্রুয়ারিতে ভারতের খুচরা মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৮৩ শতাংশ। জানুয়ারি মাসে এই হার ছিল ৭ দশমিক ৬৫ শতাংশ।কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর থেকে মূল্যস্ফীতির এই হালনাগাদ উপাত্ত প্রকাশ করা হয়েছে। খবর বিজনেস লাইনের।এতে আরও দেখানো হয়েছে, ফেব্রুয়ারি মাসে দেশটির শহর ও গ্রামে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে যথাক্রমে ৮ দশমিক ৩৬ ও ৯ দশমিক ৪৫ শতাংশ।মূলত আমিষজাতীয় খাদ্যসামগ্রী ও ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির প্রভাবে ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতির হার ঊর্ধ্বমুখী হয়েছে।এ বছর ফেব্রুয়ারি থেকে সিপিআই-ভিত্তিক মূল্যস্ফীতির হার প্রকাশ শুরু করেছে ভারত সরকার, যা দীর্ঘদিন ধরে ব্যবহূত পাইকারি মূল্যসূচকের (ডব্লিউপিআই) ভিত্তিতে নির্ণিত মূল্যস্ফীতির হারের স্থলাভিষিক্ত হয়েছে। এর আগে প্রতি সপ্তাহে মূল্যস্ফীতির উপাত্ত প্রকাশ বন্ধ করে দেওয়া হয়েছে।নতুন সিপিআইয়ের জন্য ৩১০টি শহর-নগর ও এক হাজার ১৮০টি পল্লি এলাকা থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।ভারতে অবশ্য আরও তিন ধরনের সিপিআই আছে। এগুলো হলো: কৃষিশ্রমিকদের সিপিআই, পল্লিশ্রমিকদের সিপিআই ও শিল্পশ্রমিকদের সিপিআই। যেহেতু এগুলো প্রতিটি নির্দিষ্ট জনগোষ্ঠীর ভোগব্যয় নির্ণয় করে, এগুলোর ভিত্তিতে নির্ণিত মূল্যস্ফীতি খণ্ডচিত্র প্রদান করে।