ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বাড়িয়েছে গরুর মাংস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরুর মাংসের দাম বেড়ে যাওয়ায় গত ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আগের মাসের চেয়ে ফেব্রুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৩১ শতাংশ। গত জানুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ১৫ শতাংশ।

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের মূল্যস্ফীতির হালনাগাদ এ তথ্য দেন। ফেব্রুয়ারি মাস পর্যন্ত মূল্যস্ফীতি পরিস্থিতি তৈরি করেছে বিবিএস। একনেক সভা শেষে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে এ সংবাদ সম্মেলন হয়।

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের কাছে দাবি করেছেন, সাম্প্রতিক সময়ে গরুর মাংস ও ভোজ্যতেলের দাম বৃদ্ধিই মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার কারণ। বিবিএসের সর্বশেষ তথ্য অনুযায়ী, আগের মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়েছে। ফেব্রুয়ারি মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ৮৪ শতাংশ। জানুয়ারি মাসে এ হার ছিল ৫ দশমিক ৫৩ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি ৩ দশমিক ০৭ শতাংশে নেমে এসেছে। ডিসেম্বর মাসে এ হার ছিল ৩ দশমিক ১০ শতাংশ।

বরাবরের মতো গ্রামের মানুষের চেয়ে শহরের মানুষের ওপর ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতির চাপ বেশি ছিল। তবে এই ব্যবধান ক্রমে কমে আসছে। শহরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৬২ শতাংশ এবং গ্রামে এ হার ৫ দশমিক ১৪ শতাংশ।