ফেব্রুয়ারিতে লেনদেন ১৬,৫৬৯ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেব্রুয়ারিতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১৬ হাজার ৫৬৯ কোটি টাকা লেনদেন হয়েছে। দৈনিক লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৫২ কোটি টাকা। আগের বছরের একই মাসের তুলনায় যা ৫১ দশমিক ২০ শতাংশ বেশি। সহজে টাকা পাঠানোর সুযোগ ও ব্যাংকের নিয়মের ফলে মোবাইল ব্যাংকিংকে বেছে নিচ্ছেন গ্রাহকেরা।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যমতে, আগের বছরের একই মাসের তুলনায় লেনদেনের পরিমাণ বাড়লেও আগের মাস জানুয়ারির তুলনায় ১ দশমিক শূন্য ৫ শতাংশ কমেছে। আগের বছরের ফেব্রুয়ারির চেয়ে সারা দেশে এজেন্ট সংখ্যা ৩৩ হাজার ৫৭৬টি বেড়ে ৫ লাখ ৭৭ হাজারে দাঁড়িয়েছে। গত ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে মোট ৩ কোটি ৪০ লাখ গ্রাহক মোবাইল ব্যাংকিং হিসাব খুলেছেন। এর মধ্যে চালু রয়েছে ১ কোটি ৪০ লাখ হিসাব। আগের বছরের একই সময়ে ২ কোটি ৫৯ লাখ হিসাবের মধ্যে চালু ছিল ১ কোটি ১১ লাখ হিসাব। কোনো হিসাব থেকে টানা তিন মাস কোনো ধরনের লেনদেন না হলে তা অচল হিসেবে বিবেচিত হয়।
ব্যাংকিং সেবার আওতা বাড়াতে ২০১০ সালে মোবাইল ব্যাংকিং চালুর অনুমতি দেয় বাংলাদেশ ব্যাংক। পরের বছর এ বিষয়ে একটি নীতিমালা জারি করা হয়। নিয়ম অনুযায়ী শুধু মোবাইল ব্যাংকিং হিসাব রয়েছে—এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের এই মাধ্যমে লেনদেন করার কথা। তবে অনেক এজেন্ট নিয়ম না মানায় তাঁদের এজেন্টশিপ বাতিল করা হয়েছে। সঠিক পরিচিতি না থাকায় বেশ কিছু হিসাবও বন্ধ করা হয়েছে। আর এখন পর্যন্ত ২৯টি ব্যাংক মোবাইল ব্যাংকিংয়ের অনুমতি নিলেও চালু করেছে ১৮টি।