সংস্কারকাজের সময় বাড়ায় খরচ বেড়েছে প্রায় ২০০ কোটি টাকা
ফেব্রুয়ারিতে 'ইন্টারকন্টিনেন্টাল' হয়ে ফিরছে রূপসী বাংলা

নির্ধারিত সময়ের প্রায় দেড় বছর বিলম্বে পুনরায় চালু হতে যাচ্ছে রাষ্ট্রমালিকানাধীন পাঁচ তারকা হোটেল রূপসী বাংলা। ব্যাপক সংস্কার শেষে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা নামে আগামী ফেব্রুয়ারি থেকে এটির বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।
দীর্ঘদিন ধরে এই পাঁচ তারকা হোটেলটি শেরাটন নামে পরিচালিত হয়েছিল। ২০১৪ সালের সেপ্টেম্বরে সংস্কারকাজের জন্য হোটেলটির বাণিজ্যিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়। সংস্কারকাজের শুরুতে বলা হয়েছিল, ২০১৬ সালের জুন-জুলাইয়ে এটি পুনরায় চালু করা হবে। তবে সংস্কারকাজে বিলম্ব ঘটায় নির্ধারিত সময়ের দেড় বছরের বেশি সময় পর আগামী বছরের শুরুতে এটির কার্যক্রম শুরু করা যাবে বলে আশাবাদী হোটেল কর্তৃপক্ষ।
আগামী বছরের ফেব্রুয়ারি নাগাদ এটির বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে বলে জানান হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকার মহাব্যবস্থাপক জেমস পি ম্যাকডোনাল্ড। তিনি জানান, চলতি বছরের অক্টোবরের মধ্যে সংস্কারকাজ শেষে ঠিকাদার প্রতিষ্ঠান হোটেলটি ইন্টারকন্টিনেন্টাল কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করবে। এরপর কিছু আনুষ্ঠানিকতা শেষে পুরোদমে এটির বাণিজ্যিক কার্যক্রম শুরু করা হবে। গতকাল মঙ্গলবার প্রথম আলোসহ তিনটি জাতীয় দৈনিকের সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
এদিকে হোটেল-সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, সংস্কারকাজের সময় বাড়ায় খরচও বেড়ে গেছে। লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ২০০ কোটি টাকা খরচ বেড়েছে হোটেলটির সংস্কারকাজে। শুরুতে হোটেলটির সংস্কারকাজের জন্য বরাদ্দ ধরা হয়েছিল ৪৩ মিলিয়ন মার্কিন ডলার বা ৩৪৪ কোটি টাকা। কিন্তু নানা কারণে খরচ বেড়ে যাওয়ায় বর্তমানে তা ৬৭ মিলিয়ন ডলার বা ৫৩৬ কোটি টাকায় গিয়ে দাঁড়িয়েছে।
ম্যাকডোনাল্ড বলেন, এরই মধ্যে হোটেলটির ৯০ শতাংশ পূর্ত ও নির্মাণ (সিভিল) কাজ শেষ হয়েছে। সংস্কারকাজের ক্ষেত্রে স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মোগল স্থাপত্যশৈলীকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সংস্কারকাজের মাধ্যমে হোটেলটির কক্ষ পুনর্বিন্যাস করায় আগের চেয়ে এটির কক্ষসংখ্যা কমে গেছে। আগে যেখানে সব মিলিয়ে ২৭২টি কক্ষ ছিল, এখন সেটি কমে ২২৬টি হয়েছে।
২২৬টি কক্ষের মধ্যে ২০১টি কক্ষ ডিলাক্স, প্রিমিয়াম ও এক্সিকিউটিভ কক্ষ হিসেবে বরাদ্দ থাকবে। বাকি ২৫টি বিভিন্ন ধরনের স্যুট কক্ষ হিসেবে থাকবে। কক্ষের আয়তন বাড়ার পাশাপাশি নকশা ও সুযোগ-সুবিধাও উন্নত করা হয়েছে। ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক সামগ্রী। এ কারণে হোটেলটির বিভিন্ন ধরনের খরচ বা ভাড়া আগের চেয়ে ২৫ শতাংশের মতো বাড়তে পারে বলে জানান ম্যাকডোনাল্ড। তিনি বলেন, ভাড়া বাড়লেও তা অবশ্যই প্রতিযোগিতামূলক হবে। হোটেলটি যখন বন্ধ হয় তখন যে ভাড়া ছিল, তার সঙ্গে গত কয়েক বছরের মূল্যস্ফীতি বিবেচনায় নিলে ভাড়া খুব একটা বাড়ছে না।
হোটেলটির মূল মালিকানা রয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের (বিএসএল) হাতে। ২০১২ সালের ফেব্রুয়ারিতে হোটেলটির ব্যবস্থাপনার জন্য আন্তর্জাতিক চেইন ইন্টারকন্টিনেন্টালের সঙ্গে ৩০ বছরমেয়াদি চুক্তি করে বিএসএল। চুক্তি অনুযায়ী, বাণিজ্যিক কার্যক্রম চালুর পর এ মেয়াদ গণনা শুরু হবে। হোটেলটির সংস্কারকাজের পুরো অর্থেরই জোগান দিচ্ছে বিএসএল।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে কথা বলে জানা গেছে, হলি আর্টিজান হামলার পর গত বছরের জুলাইয়ে হোটেলটির সংস্কারকাজের জন্য দায়িত্বপ্রাপ্ত বিদেশি প্রতিষ্ঠান ‘ইনপ্রজেক্ট’ মাঝপথে সরে যায়। এর ফলে কাজে কিছুটা ছন্দপতন ঘটে। এতে পুরো কাজটি সম্পন্ন করতে বাড়তি সময় লাগে।
সংস্কারকাজের জন্য ২০১৪ সালে হোটেলটি বন্ধ হওয়ার আগ পর্যন্ত দীর্ঘ সময় ধরে এটি লাভজনকভাবেই ব্যবসা পরিচালনা করে আসছিল। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১০, ২০১১, ২০১২ ও ২০১৩ সালে হোটেলটির প্রকৃত মুনাফা ছিল যথাক্রমে সাড়ে ৩৪ কোটি, ৪০ কোটি, সাড়ে ৪৬ কোটি ও সাড়ে ১৯ কোটি টাকার বেশি।
জানা গেছে, ১৯৬৬ সালে রাজধানীর শাহবাগে প্রায় সাড়ে চার একর জমির ওপর চালু করা হয় পাঁচ তারকা এই হোটেলটি। শুরু থেকে ১৯৮৩ সাল পর্যন্ত এটির ব্যবস্থাপনার দায়িত্বে ছিল ইন্টারকন্টিনেন্টাল। ১৯৮৪ সালে যুক্ত হয় শেরাটন হোটেল। ২০১১ সালের এপ্রিলে শেরাটন চলে যাওয়ার পর কিছুদিন এটি সরকারি উদ্যোগে হোটেল রূপসী বাংলা নামে পরিচালিত হয়।