ফেব্রুয়ারিতেই শিল্পনীতি চূড়ান্ত হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ফেব্রুয়ারি মাসের মধ্যেই নতুন শিল্পনীতি চূড়ান্ত হতে পারে বলে আভাস দিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। তিনি বলেছেন, ইতিমধ্যে দেশে শিল্পায়নের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সহায়তা দিতে শিল্প মন্ত্রণালয়ে একটি গবেষণা ও উন্নয়ন সেল গঠন করা হয়েছে। সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের ফলে শিগগিরই বিদ্যুৎ ও জ্বালানি খাতে দৃশ্যমান অগ্রগতি ঘটবে।গতকাল রোববার ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) নেতাদের সঙ্গে বৈঠককালে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত এ বৈঠকে ফিকির সভাপতি এ এম হামিম রহমতুল্লাহ, মহাসচিব এম এ মতিন, সংগঠনের সদস্য লরেন্ট থেরন্ড, মো. আবদুল আউয়াল, মো. এন আলম, নূর মোহাম্মদ ডিকনসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।বৈঠকে ফিকির নেতারা বাংলাদেশে সরাসরি বিনিয়োগ (এফডিআই) বাড়াতে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সমন্বিত শিল্প ও আর্থিক নীতিমালা প্রণয়নের সুপারিশ করেন। তাঁরা বলেন, ঘন ঘন আর্থিক নীতিমালা পরিবর্তনের কারণে বিদেশি বিনিয়োগকারীরা নানামুখী সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাঁরা বিদেশি বিনিয়োগের স্বার্থে করনীতি কমপক্ষে পাঁচ বছরের জন্য স্থিতিশীল ও সামঞ্জস্যপূর্ণ রাখার প্রস্তাব করেন।বৈঠকে ফিকির সদস্যরা আন্তর্জাতিক বাণিজ্যের সুবিধার্থে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে সরকারি ছুটির দিন শুক্রবারের পরিবর্তে শনি ও রোববার পুনর্নির্ধারণের জন্য শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।