ফেব্রুয়ারির মধ্যে নতুন শিল্পনীতি ঘোষণা
আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে জাতীয় শিল্পনীতি-২০১৫ ঘোষণা করা হবে। এ লক্ষ্যে শিল্প মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে তিনটি উপকমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি সেপ্টেম্বরের মধ্যে তাদের সুপারিশ জমা দেবে। এর ভিত্তিতে খসড়া শিল্পনীতি প্রণয়ন করে তা সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা শেষে চূড়ান্ত করা হবে।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু গতকাল বুধবার এসব তথ্য জানিয়েছেন। দেশব্যাপী পরিকল্পিত শিল্পায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গঠিত জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের (এনসিআইডি) সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনায় গঠিত জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের নির্বাহী কমিটির (ইসিএনসিআইডি) সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান শিল্পমন্ত্রী।
শিল্পমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয় থেকে পাঠানো তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়।
সভায় স্থানীয় সরকারসচিব মনজুর হোসেন, শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্, ভারপ্রাপ্ত মৎস্য ও প্রাণিসম্পদসচিব শেলীনা আফরোজা, বেপজার নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বিসিক শিল্পনগরগুলোতে মহিলা উদ্যোক্তাদের জন্য ১০ শতাংশ শিল্প প্লট বরাদ্দ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে স্থাপিত শিল্পনগরগুলোতেও নারী উদ্যোক্তাদের জন্য বাধ্যতামূলকভাবে ১০ শতাংশ কোটা সংরক্ষণের সিদ্ধান্তও নেওয়া হয়।
সভায় দেশব্যাপী ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উন্নয়নের লক্ষ্যে ক্লাস্টারভিত্তিক এসএমই শিল্প নির্ধারণের বিষয়ে আলোচনা হয়। এ লক্ষ্যে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অগ্রাধিকার শিল্প খাত চিহ্নিত করে বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করতে এসএমই ফাউন্ডেশনকে নির্দেশনা দেওয়া হয়।
বিশ্বসেরা প্রতিষ্ঠানগুলোকে দেশের শিল্প খাতে বিনিয়োগে আকৃষ্ট করতে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ইতিমধ্যে একটি কমিটি গঠিত হয়েছে। সভায় জানানো হয়, এই কমিটি ১০টি সম্ভাবনাময় শিল্প খাত চিহ্নিত করে বিনিয়োগের জন্য বিশ্বসেরা প্রতিষ্ঠানগুলোর দৃষ্টি আকর্ষণের সিদ্ধান্ত নিয়েছে। নতুন জাতীয় শিল্পনীতিতে বিশ্বসেরা প্রতিষ্ঠানগুলোর জন্য প্যাকেজ সুবিধা দেওয়াসংক্রান্ত নীতিমালা অন্তর্ভুক্ত করা হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।