ফের তরঙ্গ নিলাম পেছাল বিটিআরসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দ্বিতীয়বার টুজি ও থ্রিজির তরঙ্গ নিলামের তারিখ পেছাল। নিলাম আয়োজনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ মে, আগে তা ছিল ২০ মে।
বিটিআরসির লাইসেন্সিং বিভাগের পরিচালক এম এ তালেব হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়েছে। এতে নিলামের তারিখ পেছানোর কারণ হিসেবে বলা হয়েছে, ১ হাজার ৮০০ ও ২ হাজার ১০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ নিলাম প্রক্রিয়া কার্যকরভাবে সম্পন্ন করতে এবং সৃষ্ট জটিলতার পরিপ্রেক্ষিতে নিলামে সবার অংশগ্রহণ নিশ্চিত করার উদ্দেশ্যে এমন সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
তরঙ্গ নিলামে অংশ নেওয়ার শেষ তারিখ ছিল ১৬ এপ্রিল অর্থাৎ গতকাল বৃহস্পতিবার। কিন্তু এ সময়ে চার বেসরকারি অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেলের কেউই তরঙ্গ নিলামের জন্য বিটিআরসিতে আবেদন জমা দেয়নি। তাই অনেকটা বাধ্য হয়েই বিটিআরসি নিলামের তারিখ পেছায় বলে জানা গেছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, ৫ মে তরঙ্গ নিলাম প্রক্রিয়ার আবেদন জমা দেওয়ার শেষ দিন। এতে অংশ নেওয়ার যোগ্য আবেদনকারীদের তালিকা প্রকাশ করা হবে ২৪ মে। আর নিলাম অনুষ্ঠিত হবে ২৭ মে এবং ওই দিনই বিজয়ী আবেদনকারীদের তালিকা প্রকাশ করা হবে।