চলতি ২০১০-১১ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দকৃত অর্থ খরচ করতে পারছে না বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, যে কারণে ১৭টি মন্ত্রণালয় ও বিভাগ ইতিমধ্যে প্রায় ৬২৯ কোটি টাকা ফেরত দিয়েছে।চলতি অর্থবছরের মূল এডিপির আয়তন ছিল সাড়ে ৩৮ হাজার কোটি টাকা। কিন্তু বাস্তবায়নের হার সন্তোষজনক না হওয়ায় এবং পর্যাপ্ত পরিমাণে বিদেশি সহায়তা না পাওয়ায় গত ফেব্রুয়ারিতে এর আয়তন কমিয়ে ৩৫ হাজার ১৩০ কোটি টাকায় নির্ধারণ করা হয়। এর মধ্যে স্থানীয় মুদ্রায় ২৩ হাজার ২০০ কোটি, আর বিদেশি সহায়তা বাবদ ১১ হাজার ৯৩০ কোটি টাকা রয়েছে।জানা গেছে, গত দুই মাসে সংশোধিত এডিপিভুক্ত বহু প্রকল্পে কাঙ্ক্ষিত হারে অর্থ ব্যয় করা যায়নি। এ অবস্থায় পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগে চলতি মাসেই শুরু হয় ফেরত পাওয়া অর্থ সমন্বয়ের কাজ। তবে ফেরত পাওয়া অর্থের বেশির ভাগই দেওয়া হয় বিদ্যুৎ খাতে।সূত্রমতে, ফেরত পাওয়া অর্থ সমন্বয়ের বিষয়টি এরই মধ্যে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার অনুমোদন দিয়েছেন। তবে খরচের খাত ভিন্ন হওয়ায় চূড়ান্ত অনুমোদনের জন্য তা এ মাসে জাতীয় অর্থনৈতিক পর্ষদে (এনইসি) ওঠানো হবে।জানা গেছে, সবচেয়ে বেশি অর্থাৎ ৯২ কোটি ৫০ লাখ টাকা ফেরত দিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়। এ ছাড়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ৮৬ কোটি ৫৫ লাখ, নির্বাচন কমিশন ৭৩ কোটি ৪৭ লাখ, শিল্প মন্ত্রণালয় ৫৫ কোটি ৭১ লাখ, পানিসম্পদ মন্ত্রণালয় ৩৬ কোটি ৮৯ লাখ, বিদ্যুৎ বিভাগ ৩৫ কোটি ২০ লাখ, খাদ্য বিভাগ ১৫ কোটি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ তিন কোটি ৩৮ লাখ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সাত কোটি ২৮ লাখ, স্থানীয় সরকার বিভাগ ২৮ কোটি ২৯ লাখ, নৌপরিবহন মন্ত্রণালয় নয় কোটি ৩৬ লাখ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) ১৬ কোটি ৮০ লাখ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ১৬ কোটি ৬৪ লাখ, ধর্ম মন্ত্রণালয় ১১ কোটি ৬৩ লাখ, সংস্কৃতি মন্ত্রণালয় ছয় কোটি ৮৯ লাখ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ছয় কোটি ৮৩ লাখ এবং প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সাত কোটি টাকা ফেরত দিয়েছে।আর বিশেষ প্রয়োজন মেটানোর জন্য থাকা থোক বরাদ্দ থেকেও ৮৪ কোটি ৪৬ লাখ টাকা ফেরত নেওয়া হয়েছে।এদিকে সংশোধিত এডিপির আয়তন পরিবর্তন না করে ফেরত পাওয়া অর্থ সমন্বয় করা হয়েছে। যেসব মন্ত্রণালয়ের অধীনে প্রকল্প বাস্তবায়ন পরিস্থিতি অপেক্ষাকৃত ভালো, সেগুলো এবং অগ্রাধিকারমূলক প্রকল্পগুলোয় ফেরত পাওয়া অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, ফেরত পাওয়া অর্থের সবচেয়ে বেশি পেয়েছে বিদ্যুৎ বিভাগ। এ বিভাগকে প্রায় ৪০০ কোটি টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া যোগাযোগ মন্ত্রণালয়কে ৯২ কোটি ৫০ লাখ, পানিসম্পদ মন্ত্রণালয়কে ৩৬ কোটি ৮৯ লাখ, স্থানীয় সরকার বিভাগকে ৩০ কোটি ৫১ লাখ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে ৪১ কোটি ৩০ লাখ, নৌপরিবহন মন্ত্রণালয়কে পাঁচ কোটি, সরকারি কর্মকমিশনকে দুই কোটি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তিন কোটি টাকা দেওয়া হয়েছে।তবে বেশ কিছু মন্ত্রণালয় ও বিভাগ কম গুরুত্বপূর্ণ প্রকল্পের অর্থ ফেরত দিয়ে অগ্রাধিকার প্রকল্পের জন্য অর্থ নিয়েছে। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের অনুকূলে থোক বরাদ্দ হিসেবে ১১ কোটি টাকা সমন্বয় করা হয়েছে, যা কেবল বিশেষ প্রয়োজনে অনুমোদন সাপেক্ষে খরচ করা যাবে।পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের একজন কর্মকর্তা জানান, সংশোধিত এডিপি চূড়ান্ত করার পরও বেশ কিছু মন্ত্রণালয় ও বিভাগ প্রতিবছরই বরাদ্দের পুরোটা খরচ করতে পারে না। ফলে পুরো এডিপি বাস্তবায়ন করা সম্ভব হয় না। এবার সংশোধিত এডিপির অর্থ খরচ করতে না পারলে আগেভাগেই ফেরত দিতে বলা হয়েছে, যাতে অগ্রাধিকার প্রকল্পে তা খরচ করা যায়।