ফেরত গেল হানজিনের ৪৬ কনটেইনার পণ্য
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কারণে গতকাল শনিবারও সিঙ্গাপুরে ফেরত গেছে ৪৬ কনটেইনার পণ্য। এ নিয়ে তিন জাহাজে ফেরত গেল হানজিন শিপিং কোম্পানির ৭৪ কনটেইনারে আনা পণ্য। পণ্য ফেরত পাঠানোর কারণে দেশীয় শিল্পকারখানার উৎপাদনে ব্যাঘাত ঘটার পাশাপাশি ব্যবসায়ীরা বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন।
মাশুল পাওয়ার অনিশ্চয়তা থেকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দক্ষিণ কোরিয়ার জাহাজ কোম্পানি হানজিনের লোগোযুক্ত কনটেইনার জাহাজ থেকে পণ্য না নামানোর নির্দেশনা দেয়। এ জন্য হানজিনের লোগোযুক্ত কনটেইনার অন্য কোম্পানির নামে লিজ নিয়ে দেশে আনার প্রক্রিয়া শুরু করেন আমদানিকারকেরা। অন্য কোম্পানির মাধ্যমে আনা হলে মাশুল পাওয়ার নিশ্চয়তা থাকার পরও বন্দর কর্তৃপক্ষ এসব কনটেইনার নামাতে দেয়নি।
বন্দরের পর্ষদ সদস্য জাফর আলম গতকাল সন্ধ্যায় বলেন, হানজিনের লোগোযুক্ত কনটেইনার নামানোর বিষয়টি নিয়ে আইনগত দিক দেখছে তিন সদস্যের একটি কমিটি। কমিটির প্রতিবেদনের পরই সিদ্ধান্ত হবে।
ব্যবসায়ীরা বলছেন, গত ১ সেপ্টেম্বর দেনার ভারে দক্ষিণ কোরিয়ার জাহাজ কোম্পানি হানজিন শিপিংয়ের বিপর্যয়ের পর বিশ্বের অনেক দেশই নিজ দেশের পণ্য খালাসে পদক্ষেপ নেয়। শুরুতে চট্টগ্রাম বন্দরও দুই জাহাজ থেকে কনটেইনার নামানোর অনুমতি দেয়। তবে হঠাৎ করেই ২০ অক্টোবর হানজিনের লোগোযুক্ত কনটেইনার জাহাজ থেকে নামানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করে বন্দর কর্তৃপক্ষ। এর ফলে বিদেশের বন্দরগুলোতে হানজিন কোম্পানির ৪ হাজার ৪০৮ কনটেইনারে আটকে থাকা বাংলাদেশি পণ্য খালাসে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ গতকাল প্রথম আলোকে বলেন, ব্যবসায়ীদের আমদানি পণ্য জিম্মি করে বন্দর টাকা আদায় করতে পারে না। হানজিনের কনটেইনারে আনা পণ্য দ্রুত খালাস করা না হলে বন্দর ব্যবসা-বাণিজ্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে ধরে নিতে হবে।
বন্দর সূত্রে জানা গেছে, বন্দরের অনুমতি না পেয়ে গতকাল শনিবার এমভি শান্তা ফিওরেনজা জাহাজে ৪৬ কনটেইনার পণ্য ফেরত নেওয়া হয়। এসব কনটেইনারের মধ্যে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের কাঁচামাল রেজিন, আনোয়ার ইস্পাত লিমিটেডের ইস্পাত তৈরির কাঁচামাল পুরোনো লোহা ও কেএসআরএম বিলেট ইন্ডাস্ট্রিজের কাঁচামাল পুরোনো লোহা রয়েছে।
এদিকে হানজিনের কনটেইনারে পণ্য নিয়ে এমভি কালা পেঙ্গুইন নামের আরও একটি জাহাজ বন্দর জেটিতে ভিড়ানো হয়েছে। এই জাহাজে আনোয়ার ইস্পাত লিমিটেডের তিন কনটেইনার পণ্য আনা হয়েছে।
বন্দর কর্মকর্তারা বলেন, হানজিনের কাছে বন্দরের পাওনা এখন প্রায় ২০ কোটি টাকা। তবে বন্দরের পাওনা থাকায় হানজিনের দুটি কনটেইনার জাহাজ এবং দেড় হাজারের বেশি কনটেইনার বন্দরের নিয়ন্ত্রণে রয়েছে। ফলে পাওনা আদায়ে বন্দরের কাছে হানজিনের বিপুল পরিমাণ সম্পদ আটকা রয়েছে।