ফেসবুক, আয় বাড়লেও লোকসানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক চলতি ২০১২ সালের তৃতীয় প্রান্তিক জুলাই-সেপ্টেম্বর সময়ে ১২৬ কোটি মার্কিন ডলার আয় করেছে। এই আয় ২০১১ সালের একই সময়ের ৯৫ কোটি ৪০ লাখ ডলারের চেয়ে ৩২ শতাংশ বেশি।পুঁজিবাজারে শেয়ার ছাড়ার পরে এটি হচ্ছে ফেসবুকের দ্বিতীয় প্রান্তিকের আয়। তবে এই প্রান্তিকে প্রতিষ্ঠানটি পাঁচ কোটি ৯০ লাখ ডলার লোকসান দেওয়া সত্ত্বেও বিনিয়োগকারীদের সন্তুষ্টই দেখা গেছে। আয় ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই এর শেয়ারের দর আট শতাংশ বেড়ে যায়। শেয়ারবাজারে আসার আগে গত বছরের একই সময়ে তাদের মুনাফা হয়েছিল ২২ কোটি ৭০ লাখ ডলার।বিশ্লেষকদের কেউ কেউ পূর্বাভাস দিয়েছিলেন যে এ বছরের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় দাঁড়াবে ১২৩ কোটি ডলার এবং এর শেয়ারপ্রতি আয় হবে শূন্য দশমিক ১১ ডলার। আবার জেপি মরগ্যানের বিশ্লেষক ডৌগ অ্যানমুথ বলেছিলেন, ফেসবুক শেয়ারপ্রতি ১২ সেন্ট আয় করবে এবং এর মোট আয় দাঁড়াবে ১২৪ কোটি ৮০ লাখ ডলার।ফেসবুকের তথ্য অনুযায়ী আলোচ্য প্রান্তিকে বিজ্ঞাপন খাত থেকে তাদের আয় হয়েছে ১০৯ কোটি ডলার, যা মোট আয়ের ৮৬ শতাংশ এবং আগের বছরের একই সময়ের চেয়ে ৩৬ শতাংশ বেশি। সূত্র: ব্লুমবার্গ