ফেসবুক এবার বাংলায়!
ফেসবুক ব্যবহারকারীদের জন্য সুখবর! গ্রামীণফোন ও ফেসবুক যৌথ উদ্যোগে বাংলা ভাষাভাষীদের জন্য আনছে বাংলায় জনপ্রিয় এই সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারের সুযোগ। এ ছাড়া ফেসবুক ব্যবহারকারীরা মুঠোফোনেও এ সেবা পাবেন। আজ শনিবার গ্রামীণফোন হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির সিসিও কাজী মনিরুল কবির এ তথ্য জানান। গ্রামীণফোন লিমিটেডের করপোরেট কমিউনিকেশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে বেশ কিছু উত্সাহী ফেসবুক ব্যবহারকারী বাংলা ভাষায় ফেসবুকের রূপান্তর কাজ শুরু করলেও এর উল্লেখযোগ্য অংশই অসম্পূর্ণ থেকে গেছে। আর এবার বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরা ওয়েবসাইটটি বাংলা ভাষায় রূপান্তরের কাজে অংশ নিতে পারবেন। এর জন্য ব্যবহারকারীদের ইংরেজি থেকে বাংলায় রূপান্তরের জন্য ‘ফেসবুক ট্রানস্ল্লেশন’ ওপেন অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে হবে।ভাষান্তরের জন্য অংশগ্রহণকারীদের যে ধাপগুলো অনুসরণ করতে হবে— ১. ফেসবুকে যোগ দিয়ে www.facebook.com/translations লগঅন করতে হবে। ২. পাতার বাম দিকের ‘প্রিফারেন্সেস’—এ ক্লিক করতে হবে। ৩. অনুবাদের ভাষাগুলো থেকে ‘বেঙ্গলি’ সিলেক্ট করতে হবে এবং আপডেট প্রিফারেন্সে ক্লিক করতে হবে। ৪. অনুবাদ সংকেতটিতে ক্লিক করে ফেসবুককে বাংলায় রূপান্তর করা যাবে। তবে কম্পিউটারে অবশ্যই বাংলা ফন্ট থাকতে হবে। ৫. এর আগে করা অনুবাদ থেকে সেরা বাংলা অনুবাদ নির্বাচনে ভোট দেওয়া যাবে।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিশ্বের একটি অন্যতম প্রধান ভাষা হওয়া সত্ত্বেও ইন্টারনেটে বাংলা ভাষার ব্যবহার খুবই কম। বাংলা ফেসবুক ইন্টারনেটে আমাদের মাতৃভাষার চর্চা বৃদ্ধিতে সহযোগিতা করবে। ফেসবুকের মতো একটি বৃহত্ যোগাযোগ মাধ্যম বাংলা ভাষায় অনূদিত হলে তা অন্যান্য ওয়েবসাইটকেও বাংলায় রূপান্তরে উত্সাহিত করবে। এর ফলে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের অন্যতম প্রধান বাধা ভাষাগত সমস্যা অনেকাংশে দূর হবে। এ ছাড়া ইন্টারনেট ব্যবহার বাড়লে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্যোগ অনেকখানি এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।