ফেসবুক পুঁজিবাজারে আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের অন্যতম সামাজিক নেটওয়ার্ক মাধ্যম ফেসবুক পুঁজিবাজারে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও ছেড়ে অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছে।এ ক্ষেত্রে কোম্পানিটির প্রতিটি প্রাথমিক শেয়ারের অভিহিত মূল্য ২৮ থেকে ৩৫ মার্কিন ডলারের মধ্যে নির্ধারিত হতে পারে। সে অনুযায়ী, কোম্পানি হিসেবে ফেসবুকের সম্পদমূল্য দাঁড়াতে পারে ৮৫ বিলিয়ন বা আট হাজার ৫০০ কোটি ডলার থেকে ৯০ বিলিয়ন বা নয় হাজার ৫০০ কোটি ডলার।ইন্টারনেট কোম্পানিগুলোর মধ্যে আট বছর বয়সী ফেসবুকের আইপিওই হবে এযাবৎকালের সবচেয়ে বৃহৎ। এর আগে ২০০৪ সালে ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল যখন পুঁজিবাজারে প্রাথমিক শেয়ার বা আইপিও ছাড়ে, তখন সেটির সম্পদ মূল্যায়ন করা হয়েছিল দুই হাজার ৩০০ কোটি ডলার।কোনো প্রতিষ্ঠান বা কোম্পানি প্রথমবারের মতো যখন পুঁজিবাজারে প্রাথমিক শেয়ার ছাড়ে, তখন সেটাকে আইপিও (ইনিশিয়াল পাবলিক অফারিং বা প্রাথমিক গণপ্রস্তাব) বলে।আমাজন ও সিসকো সিস্টেমের প্রতিদ্বন্দ্বী হয়ে যুক্তরাষ্ট্রের নাসড্যাক সূচকের আওতায় পুঁজিবাজারে তালিকাভুক্ত হবে ফেসবুক।ধারণা করা হচ্ছে, কাল সোমবার থেকেই ফেসবুক তার শেয়ার অফারিং বা প্রাথমিক শেয়ার ছাড়ার প্রক্রিয়া শুরু করতে পারে। আর ১৮ মে থেকে প্রতিষ্ঠানটির শেয়ার কেনাবেচা শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে। এর কোড নাম হবে ‘এফবি’।পুঁজিবাজারে প্রাথমিক শেয়ার ছেড়ে ফেসবুক এক হাজার ২০০ কোটি ডলার সংগ্রহ করবে।বর্তমানে বিশ্বব্যাপী ৯০০ মিলিয়ন বা ৯০ কোটি মানুষ সামাজিক নেটওয়ার্কের মাধ্যম ফেসবুক ব্যবহার করে। প্রতিষ্ঠানটি গত বছরে ১০০ কোটি ডলার মুনাফা করেছে।আইপিওতে ফেসবুক ব্যাপক সাড়া পাবে বলে আশা করা হচ্ছে। তবে দীর্ঘ মেয়াদে প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধি অর্জনের ব্যাপারে সংশয় বা উদ্বেগ প্রকাশ করেছেন কোনো কোনো বিনিয়োগকারী।গত সপ্তাহে ফেসবুক জানায়, দুই বছরের মধ্যে প্রথমবারের মতো প্রথম কোনো প্রান্তিকে রাজস্ব আয় কমেছে।গত বৃহস্পতিবার ফেসবুকের নির্বাহীরা এক ভিডিও প্রেজেন্টেশনে তাঁদের কোম্পানি সম্পর্কে সব সংশয়-উদ্বেগ উড়িয়ে দেন। তাঁরা মোবাইল ফোনকে ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনের নতুন ক্ষেত্র হিসেবে উল্লেখ করে এ খাতে বিনিয়োগ করা হবে বলে জানান।গত মাসে ফেসবুক জানিয়েছিল, তারা দ্রুত বিকাশমান মোবাইল ফোন ফটো শেয়ারিং অ্যাপ্লিকেশন ‘ইনস্টাগ্রাম’ কিনতে যাচ্ছে ১০০ কোটি ডলারের বিনিময়ে।এদিকে, ফেসবুকের মতো বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি প্রতিষ্ঠানের সম্পদমূল্য ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি মার্কিন ডলারের নিচে থাকায় তা নিয়েও কিন্তু কথা উঠেছে।পুঁজিবাজারে শেয়ার ছাড়ার পরেও অবশ্য ফেসবুকের নিয়ন্ত্রণ থাকবে মূলত এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গের হাতে। শেয়ারের অংশ এবং অন্যান্য স্টেকহোল্ডারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী এ কোম্পানিতে তাঁর ভোটিং ক্ষমতা থাকবে ৫৭ দশমিক ৩ শতাংশ। তাঁর হাতে থাকবে ৩১ দশমিক ৫ শতাংশ শেয়ার। এর ফলে মার্ক জুকারবার্গের সম্পদের পরিমাণ দাঁড়াবে ১৭ দশমিক ৬ বিলিয়ন বা এক হাজার ৭৬০ কোটি ডলার। আর এই সম্পদমূল্যের বদৌলতে ফোর্বস ম্যাগাজিনের তৈরি বিশ্বের সেরা ধনীদের তালিকায় তাঁর অবস্থান হতে পারে ৩৩তম। বিবিসি অবলম্বনে।