ফেসবুকের ব্যাপারে সাবধান করল এসইসি
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক বা অন্য যেকোনো অসমর্থিত সূত্র থেকে তথ্য নিয়ে শেয়ারবাজারে বিনিয়োগের ব্যাপারে সতর্ক করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আজ বৃহস্পতিবার এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেসবুক ও কোনো কোনো ওয়েবসাইটের মাধ্যমে অর্থের বিনিময়ে বিভিন্ন সিকিউরিটিজের মূল্যসংবেদনশীল তথ্য আদান-প্রদান করা হয়। একই সঙ্গে বিভিন্ন গুজব প্রকাশ করা হয়। বিষয়টি সিকিউরিটিজ আইনের পরিপন্থী ও স্থিতিশীল পুঁজিবাজারের জন্য ক্ষতিকর।এ ক্ষেত্রে ফেসবুক বা অন্য কোনো অসমর্থিত সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে কেউ শেয়ারবাজারে বিনিয়োগ করলে তার দায়িত্ব সংশ্লিষ্ট ব্যক্তিকেই নিতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।এ ছাড়া এ ধরনের মাধ্যম ব্যবহার করে যে বা যাঁরা বাজারে বিভ্রান্তি সৃষ্টি ও তথ্য আদান-প্রদান করেন, তাঁদের সতর্ক করেছে এসইসি। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।