দেশে চতুর্থ প্রজন্মের (ফোরজি) টেলিযোগাযোগসেবা চালুর লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। যত দ্রুত সম্ভব এ সেবা চালু করতে চায় সংস্থাটি। সেই সঙ্গে চলতি বছরের মধ্যে নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদল বা মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সুবিধা চালুর কথা জানিয়েছে সংস্থাটি।
এমএনপি সেবা চালুর নীতিমালা, গ্রাহকসেবা, নিলামপ্রক্রিয়াসহ সংশ্লিষ্ট বিষয়ের সর্বশেষ অগ্রগতি তুলে ধরার জন্য আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ। সংস্থাটির কার্যালয়ে গত মঙ্গলবার সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন বিটিআরসির ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খানসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শাহজাহান মাহমুদ বলেন, ‘ফোরজি সেবা আনার জন্য কাজ করছি। তবে হুট করে চাইলেই এটি আনা যায় না। এর জন্য ক্ষেত্র প্রস্তুত করার কাজগুলো এখন শেষ করা হচ্ছে।’
এমএনপি-সুবিধা সম্পর্কে বিটিআরসির চেয়ারম্যান বলেন, ‘গ্রাহকসেবার মান নিশ্চিত করার জন্যই এমএনপি সেবা চালু করা হচ্ছে। এ সেবা চালু হলে কোনো অপারেটরের সেবায় গ্রাহক অসন্তুষ্ট হলে অপারেটর পরিবর্তন করতে পারবেন। এ বছর সেবাটি চালু করা যাবে বলে আশা করছি।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, এমএনপি চালুর জন্য যোগ্য প্রতিষ্ঠান নিয়োগ করতে আগামী ২১ সেপ্টেম্বর নিলাম অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে একটি প্রতিষ্ঠানকে এ সেবার দায়িত্ব দেওয়া হবে। এমএনপি সেবা দিতে গ্রাহকদের কাছ থেকে মুঠোফোন অপারেটররা সর্বোচ্চ ৩০ টাকা নিতে পারবে। কোনো গ্রাহক একবার এ সুবিধা নেওয়ার পর আবার নতুন কোনো অপারেটরে যেতে চাইলে সে ক্ষেত্রে কমপক্ষে তিন মাস অপেক্ষা করতে হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৬ জুন নিলামে অংশগ্রহণের জন্য আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আবেদন চাওয়া হবে।