ফোর্বস মিডিয়ার মালিকানার একটি অংশ বিক্রি হলো

হংকংভিত্তিক একদল আন্তর্জাতিক বিনিয়োগকারীর কাছে মালিকানার একটি বড় অংশ বিক্রি করার ঘোষণা দিয়েছে ফোর্বস মিডিয়া। এর মধ্য দিয়ে ৯৭ বছরের পারিবারিক মালিকানার একচ্ছত্র অবসান ঘটাতে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটি।
ফোর্বস মিডিয়ার অধীন বিখ্যাত সাময়িকী ফোর্বসও এই বিক্রির তালিকায় রয়েছে। তবে কত দামে তা বিক্রি হয়েছে তার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ব্যবসা সম্প্রসারণের জন্যই মূলত এ উদ্যোগ নিয়েছে ফোর্বস। চুক্তির মেয়াদ শেষে বিনিয়োগকারীরা তাঁদের মালিকানা ছেড়ে দেবেন বলে জানানো হয়েছে ঘোষণায়।
আন্তর্জাতিক বিনিয়োগকারীদের নিয়ে গঠিত হংকংভিত্তিক ইন্টেগ্রেটেড হোয়েল মিডিয়া ইনভেস্টমেন্টস ফোর্বসে এই বিনিয়োগ করছে। বিনিয়োগকারীদের এই দলের নেতৃত্বে রয়েছে ইন্টেগ্রেটেড অ্যাসেট ম্যানেজমেন্ট এশিয়া (আইএএম) লিমিটেড।
ফোর্বস পরিবার বলছে, এর পরও তাদের উল্লেখযোগ্য শেয়ার থাকবে প্রতিষ্ঠানটিতে। স্টিভ ফোর্বস প্রতিষ্ঠানটির সভাপতি এবং প্রধান সম্পাদক হিসেবে বহাল থাকবেন।
একটি ব্লগে এই বিক্রির ঘোষণা দিয়ে স্টিভ ফোর্বস বলেন, ‘আমার পিতামহের প্রতিষ্ঠিত ফোর্বসের ৯৭ বছরের ইতিহাসে আজ একটি যুগসন্ধিক্ষণ, যেটি আমাদের লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।’
বিশ্বব্যাপী প্রতি মাসে প্রিন্ট, ডিজিটাল, টেলিভিশন, সেমিনার এবং গবেষণা কার্যক্রম মিলিয়ে ফোর্বসের মোট প্রচারসংখ্যা সাত কোটি ৫০ লাখ। প্রতিষ্ঠানটি গত নভেম্বর থেকেই বিক্রির জন্য ক্রেতা খুঁজছিল।
ফোর্বসের প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রেই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিশ্বব্যাপী সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে তাদের।
সূত্র: বিবিসি ও ফোর্বস