ফোনে কৃষকদের সঙ্গে কথা বললেন গভর্নর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান সরাসরি টেলিফোন করে দেশের বিভিন্ন স্থানের কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলেছেন।গভর্নর গতকাল সোমবার দুপুরে ঢাকায় নিজ কার্যালয় থেকে মোবাইল ফোনে কৃষকদের সঙ্গে কথাবার্তা বলেন। সুনামগঞ্জের দিরাই এলাকার কৃষক মাহাবুব আহমেদকে ফোন করে গভর্নর জানতে চান, তিনি কোনো রকম ভোগান্তি ছাড়া কৃষিঋণ পেয়েছেন কি না। জবাবে তিনি জানান, স্থানীয় কৃষি ব্যাংক থেকে তিনি সহজেই কৃষিঋণ পেয়েছেন। জয়পুরহাটের কৃষক আজিজুর রহমান গভর্নরকে জানান, তিনি রাকাবের আক্কেলপুর শাখা থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছেন আলু ও বোরো চাষের জন্য। রাজবাড়ীর কৃষক সুনীল কুমার বিশ্বাস জানান, এবার ঋণ পাওয়ার ক্ষেত্রে তাঁকে কোনো অনিয়মের সম্মুখীন হতে হয়নি। তবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) জয়পুরহাটের আক্কেলপুর শাখার ব্যবস্থাপক এমদাদুল হক গভর্নরকে জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এখন পর্যন্ত কৃষি-সহায়তা কার্ড না দেওয়ায় তাঁর শাখায় কৃষকদের ব্যাংক হিসাব খোলা শুরু হয়নি। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মুরশিদ কুলী খান, নির্বাহী পরিচালক আবুল কাসেম, কৃষিঋণ বিভাগের মহাব্যবস্থাপক এস এম মনিরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।