ফোর-জি প্রযুক্তির ব্যবহার দেখাল বিআইইএল
দেশে প্রথমবারের মতো ফোর-জি এলটিই (লং টার্ম ইভাল্যুশন) নেটওয়ার্কের মাধ্যমে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার দেখিয়েছে বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জ লিমিটেড (বিআইইএল)।
ঢাকার একটি হোটেলে গত সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিআইইএল পরীক্ষামূলকভাবে এটি প্রদর্শন করেছে।
সংবাদ সম্মেলনে বিআইইএলের প্রধান নির্বাহী কর্মকর্তা ইগর গ্রাকোভিচ ও প্রধান কারিগরি কর্মকর্তা মিজানুর রহমান এবং বিটিআরসি ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এতে জানানো হয়, বিআইইএল ব্রডব্যান্ড ওয়্যারলেস অ্যাকসেস (বিডব্লিউএ) সনদ গ্রহণ ও প্রয়োজনীয় আর্থিক বাধ্যবাধকতা পূরণ করে ফোর-জি নেটওয়ার্কের ব্যবহার শুরু করল।
বিআইইএল ২০০৭ সাল থেকে আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) লাইসেন্সের আওতায় ওয়্যারলেস বা তারবিহীন ওয়াইম্যাক্স নেটওয়ার্কের মাধমে কাজ করে আসছে।
বর্তমানে বিআইইএলের ইন্টারনেট সংযোগ বর্তমানে ঢাকার উত্তরা, গুলশান, বনানী, মহাখালী, ধানমন্ডি, মতিঝিল প্রভৃতি এলাকায় বিস্তৃত রয়েছে।
প্রসঙ্গত, ফোর-জি প্রযুক্তি হলো তারযুক্ত অথবা তারবিহীন (ওয়্যারলেস) সংযোগের চেয়েও বেশি দ্রুতগতির ক্ষমতাসম্পন্ন সংযোগ। প্রতি সেকেন্ডে এটির গতি ১৫০ মেগাবাইটের বেশি।