ফোর পয়েন্টস বাই শেরাটন নতুন ভবনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন ভবনে যাত্রা শুরু করল ফোর পয়েন্টস বাই শেরাটন হোটেল। রাজধানীর গুলশান ২ নম্বর চত্বর এলাকায় ২৭ তলা ভবনে এই হোটেলটির নবযাত্রা শুরু হলো। নতুন ভবনে ১৪৯টি ডিলাক্স ও প্রিমিয়াম রুম আছে। এ ছাড়া চারটি আন্তর্জাতিক মানের রেস্তোরাঁ আছে। বিশ্বখ্যাত মেরিয়ট ইন্টারন্যাশনালের চেইন হোটেল হলো ফোর পয়েন্টস বাই শেরাটন।

গতকাল বৃহস্পতিবার এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে হোটেল কর্তৃপক্ষ। নতুন ভবনের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হোটেলটির বিভিন্ন দিক তুলে ধরেন মহাব্যবস্থাপক ট্রেভর ম্যাকডোনাল্ড। উল্লেখ্য, দুই বছর ধরে গুলশানের আরেকটি ভবনে সীমিত পরিসরে এই হোটেলটির কার্যক্রম চলেছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই হোটেলে আছে ২০০ আসনবিশিষ্ট ব্যাংকুয়েট হল এবং দুটি বৈঠকখানা। যেকোনো সামাজিক অনুষ্ঠান ও ব্যবসায়িক আলাপ-আলোচনা করা যাবে। রেস্তোরাঁ চারটি হলো—র‍্যাপ্ট, দ্য ইটারি, দ্য বেস্ট এবং ওয়েসিস লাউঞ্জ। এসব রেস্তোরাঁয় দেশি-বিদেশি নানা পদের খাবার মিলবে। হোটেলটির ২৭তম তলায় আছে সুইমিংপুল।

সংবাদ সম্মেলনে ট্রেভর ম্যাকডোনাল্ড বলেন, বাংলাদেশে হোটেল ব্যবসার বিপুল সম্ভাবনা আছে। প্রতিনিয়তই বাংলাদেশে বিদেশিরা আসছেন। বিশেষ করে তৈরি পোশাক ক্রেতারা এ দেশে বেশি সফর করেন। তাঁর মতে, এশিয়া অঞ্চলে মেরিয়ট ইন্টারন্যাশনাল বেশ শক্তিশালী ব্র্যান্ড।

ট্রেভর ম্যাকডোনাল্ড আরও বলেন, ‘গত বছরের ১ জুলাইয়ের গুলশান হামলার পর আমরা নিরাপত্তাব্যবস্থায় বেশি জোর দিয়েছি। পুরো হোটেলের নিরাপত্তা জোরদার করতে ভবনের বিভিন্ন স্থানে ১০০টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে।’

হোটেলের পরিচালক (বিক্রয়) মোহাম্মদ ফাওয়াদ বলেন, দিন দিন ঢাকার প্রতি বিদেশিদের আকর্ষণ বাড়ছে। ব্যবসা-বাণিজ্যের সুযোগও বাড়ছে। তাই এ দেশে হোটেল ব্যবসার সম্ভাবনাও বাড়ছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হোটেলের ব্যবস্থাপক (বিপণন) সৈয়দ মেহরান হোসেন।