ফোরজি নেটওয়ার্কে ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে বাংলালিংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে চতুর্থ প্রজন্মের (ফোরজি) টেলিযোগাযোগ নেটওয়ার্ক তৈরিতে আগামী তিন বছরে ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে মোবাইল ফোন অপারেটর বাংলালিংক। বাংলাদেশে আগামী তিন বছরে মোট ৮ হাজার কোটি টাকা বিনিয়োগ পরিকল্পনার অর্ধেকই খরচ করা হবে ফোরজি নেটওয়ার্ক তৈরিতে।

অপারেটরটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়ে বলা হয়েছে, সম্প্রতি বাংলালিংকের মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান ভিওনের প্রধান নির্বাহী জন ইভস সার্লিয়ার বাংলাদেশে এসে ১০০ কোটি মার্কিন ডলার বা ৮ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দেন। এর ফলে গ্রাহককে আরও বেশি ডিজিটাল সার্ভিস সেবা দেওয়া যাবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলালিংক একটি শক্তিশালী ফোরজি নেটওয়ার্ক চালু করতে এখন প্রস্তুত। গত বছর বাংলালিংকের নেটওয়ার্কে ফোরজি সেবার পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়। এ ছাড়া নেটওয়ার্ক আরও আধুনিক করা ও সব সিম ফোরজিতে রূপান্তর করার প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমানে বাংলালিংকের ৯০ শতাংশ টাওয়ার থ্রিজি নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।