ফোরামের বর্জন, বিজিএমইএর নির্বাচনে সম্মিলিত পরিষদ জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ীক গোষ্ঠী ফোরামের বর্জনের মধ্য দিয়ে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক মালিক সমিতির (বিজিএমইএ) ২০১১-১২ সময়কালের দ্বিবার্ষিক নির্বাচন গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে।নির্বাচনে বিজিএমইএর বর্তমান সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে।বিজিএমইএর নির্বাচন কমিশনার শফিউল্লাহ চৌধুরী সাংবাদিকদের জানান, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনি জানান, ঢাকায় দুই হাজার ৪৪৩ জন ভোটারের মধ্যে এক হাজার ৪২০ জন এবং চট্টগ্রামে ৫৮৫ জন ভোটারের মধ্যে ৩২৩ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই হিসাবে প্রায় ৫৮ শতাংশ ভোটার ভোট দেন।এর আগে ঢাকা ও চট্টগ্রামে বিজিএমইএর কার্যালয়ে সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত তা চলে। রাত ৯-টায় ভোট গণনা শেষে ফলাফল জানা যায়।তবে অন্যবারের মতো এবারের নির্বাচনে দেশের সবচেয়ে বড় এই বাণিজ্য সংগঠনের শিল্পপতিদের মধ্যে প্রাণচাঞ্চল্যের অভাব লক্ষ করা গেছে। এক পক্ষ অর্থাৎ বিজিএমইএ নির্বাচনে ‘ফোরাম’ ব্যানারে ব্যবসায়ীদের একটি গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। এতে কার্যত গতকাল অপর পক্ষ অর্থাৎ সম্মিলিত পরিষদের বিজয় নিশ্চিত ছিল। ফোরামের কোনো সদস্য বা সমর্থক গতকাল ভোট দিতে যাননি। অবশ্য রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রাপ্ত তথ্যে জানা গেছে, ঢাকায় ফোরাম তাদের প্যানেলে ৩১টি প্যানেল ভোট পেয়েছে। অন্য পক্ষ অর্থাৎ সম্মিলিত পরিষদের দলনেতা ও বিজিএমইএর বর্তমান সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন রাতে প্রথম আলোকে বলেন, ‘অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে শিল্পমালিকেরা তাঁদের ভোট দিয়েছেন।’ তিনি বলেন, বড় শিল্প গ্রুপগুলোর ৯০ ভাগ মালিকই এসে ভোট দিয়ে গেছেন।মহিউদ্দিন দুঃখ প্রকাশ করে বলেন, ‘নেতৃত্বকে আগে সংগঠনের স্বার্থ ও মানসম্মান মাথায় রাখতে হবে। আজকে ফোরাম এলে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে উভয় পক্ষই নির্বাচনে বিজয়ীদের বরণ করে নিতে পারতাম।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করি, এই যে ৫৮ ভাগ মালিক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, এর অর্থ হলো শিল্পমালিকেরা চান না এখানে কোনো প্রশাসক আসুক।’ মহিউদ্দিনের মতে, অনেক মালিক তাঁদের দুই পক্ষের মতবিরোধের কারণে হতাশ হয়ে ভোট দিতে আসেননি। আবার ফোরামের পক্ষের কিছু শিল্পমালিক ভোট দিয়েছেন, যা তিনি প্রত্যক্ষ করেছেন। বিকেলে সাংবাদিকদের ব্রিফিংকালে বিজিএমইএ নির্বাচন কমিশনার শফিউল্লাহ চৌধুরী জানান, তিনি লিখিতভাবে ফোরামের নির্বাচন বর্জনের কোনো চিঠি পাননি। তবে তিনি সংবাদপত্রে প্রতিবেদন দেখেছেন।এদিকে গত শনিবার রাতে ফোরাম রাজধানীর রেডিসন ওয়াটার গার্ডেনে এক জরুরি মতবিনিময় সভায় শিল্পমালিকদের কাছে বিজিএমইএর নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে। নির্বাচন কমিশনের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকের ভিডিও ক্লিপিং মতবিনিময় সভায় দেখানো হয়। এতে কমিশনার শফিউল্লাহ চৌধুরী অসম্পূর্ণ ভোটার তালিকা প্রসঙ্গে আলোচনার এক পর্যায়ে তাঁর ‘হাত-পা বাঁধা’ বলে উল্লেখ করেছেন। ফলে নির্বাচন করতে হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে শফিউল্লাহ চৌধুরী বলেন, বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হয়েছে।প্রসঙ্গত, বরাবরের মতো এবারের নির্বাচনেও সমিতিকেন্দ্রিক দুটি ব্যবসায়িক গোষ্ঠী ফোরাম ও সম্মিলিত পরিষদ ২৭টি পদের প্রতিটির জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিল। সম্মিলিত পরিষদের নেতৃত্ব দিচ্ছেন বিজিএমইএর বর্তমান সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। আর ফোরামের নেতৃত্ব দিচ্ছিলেন বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ।গতকাল যোগাযোগ করা হলে পারভেজ প্রথম আলোকে বলেন, ‘আমরা তো বর্জনই করেছি, তাহলে এই ভোট কেন মেনে নেব?’ আর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, ‘আমরা প্রথম বিজিএমইএর নির্বাচনী আপিল বোর্ডের কাছে যাব। তারপর পরের পদক্ষেপ কী হবে ভাবব।’