ফোর্ডের অস্ট্রেলিয়ার কারখানা ২০১৬ সালে বন্ধ হয়ে যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ায় অবস্থিত ফোর্ড কোম্পানির গাড়ি উৎপাদন কারখানা আগামী ২০১৬ সালে বন্ধ হয়ে যাবে। এতে মোট কর্মী ছাঁটাই হবে এক হাজার ২০০ জন।এর মধ্যে ফোর্ডের একটি ঐতিহ্যমণ্ডিত যুগের অবসান ঘটবে। কারণ এটি ফোর্ডের অন্যতম একটি পুরোনো কারখানা, যেটি ১৯২৫ সালে ঐতিহ্যবাহী ‘টি’ মডেলের গাড়ি উৎপাদনের মাধ্যমে যাত্রা শুরু করেছিল।ফোর্ড অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী বব গ্র্যাজিয়ানো গতকাল বৃহস্পতিবার কারখানাটি বন্ধ করার ঘোষণাটি দেন। তিনি জানান, এই কারখানা গত অর্থবছরে ১৪ কোটি ১০ লাখ অস্ট্রেলীয় ডলারের (১৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার) কর-পরবর্তী লোকসান দিয়েছে। এ নিয়ে বিগত পাঁচ বছরে কারখানাটির মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৬০ কোটি অস্ট্রেলীয় ডলার।কারখানাটি বন্ধের প্রেক্ষাপট ব্যাখ্যা করে বব গ্র্যাজিয়ানো বলেন, ‘বাজার পরিস্থিতি ক্রমাগতভাবে চ্যালেঞ্জ বাড়িয়ে দিচ্ছে। বাজার যেমন ভাগ হয়ে যাচ্ছে তেমনি উৎপাদন খরচও বাড়ছে।’ তিনি জানান, অস্ট্রেলিয়ায় বর্তমানে বছরে মোট ১১ লাখের মতো নতুন মোটরগাড়ি বিক্রি হয়। আর দেশটির বাজারে মোটরগাড়ির চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্রের জেনারেল মটরস (জিএম) ও জাপানের টয়োটাসহ অন্তত ৬৫টি ব্র্যান্ডের ৩৬৫টি মডেল বা ধরনের গাড়ি রয়েছে।বব গ্র্যাজিয়ানো আরও বলেন, ‘সস্তা দামে আমদানি করা গাড়ির কাছে বাজার হাতছাড়া হয়ে যাচ্ছে। যে কারণে স্থানীয়ভাবে গাড়ি তৈরি করা আর লাভজনক অবস্থায় থাকছে না।’ তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ায় আমাদের উৎপাদন খরচ ইউরোপের তুলনায় দ্বিগুণ ও নিকটবর্তী এশিয়ার চেয়ে প্রায় চারগুণ বেড়ে গেছে।’তবে অস্ট্রেলিয়ায় মোটরগাড়ি উৎপাদন বন্ধ করলেও দেশটিতে আমদানিকারক ও ডিলার বা পরিবেশক হিসেবে ফোর্ড ব্যবসা অব্যাহত রাখবে বলে জানিয়েছে।