ফোর্সড সেল না করার অনুরোধ বিএমবিএ সভাপতির
পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতিতে ফোর্সড সেল না করার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মুহাম্মদ এ হাফিজ। আজ সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই অনুরোধ করেন তিনি।হাফিজ বলেন, ‘বিনিয়োগকারীদের স্বার্থ যাতে ক্ষুণ্ন না হয়, সে ব্যাপারে খেয়াল রাখার জন্য আমি মার্চেন্ট ব্যাংকগুলোকে অনুরোধ করব। কেননা, বিনিয়োগকারীরা বাঁচলে আমরাও বাঁচব।’সম্প্রতি বেশ কিছু ভুল বোঝাবুঝির কারণে বাজারে কিছুটা অস্থিরতা সৃষ্টি হয়েছে। তবে এতে ভিত হওয়ার কিছু নেই। কেননা, বর্তমানে বর্তমানে মূল্য আয় (পিই) অনুপাত ১১-এর কাছাকাছি রয়েছে, যা বিনিয়োগের জন্য খুবই উপযোগী। এ সুযোগ কেউ না কেউ গ্রহণ করবে। এ ছাড়া জুনের মধ্যে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি অধিকাংশ প্রতিষ্ঠান তাঁদের লভ্যাংশ ঘোষণা করবে। তাই বাজার আপন গতিতেই ভালো হয়ে যাবে।মুহাম্মদ এ হাফিজ বলেন, বিনিয়োগকারীদের আস্থার সংকটই বাজারে দর পতনের অন্যতম কারণ। এ ছাড়া তারল্যসংকটও রয়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য মার্চেন্ট ব্যাংকগুলো কাজ করে যাচ্ছে। মার্চেন্ট ব্যাংকগুলোর পক্ষ থেকে সামর্থ্য বাড়ানোর চেষ্টা চলছে। মার্চেন্ট ব্যাংকগুলোর পক্ষ থেকে নিজস্ব মূলধন বাড়ানোর চেষ্টাও চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানান বিএমবিএর সভাপতি। তবে অব্যাহত দরপতনের কারণে গত এক বছরেরও বেশি সময় ধরে মার্চেন্ট ব্যাংকগুলো অনেক সমস্যায় রয়েছে বলে দাবি করেন তিনি।বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি পুঁজিবাজারের পক্ষে না হলেও, এতে বিপক্ষে কিছু না থাকায় বাংলাদেশ ব্যাংককে সাধুবাদ জানিয়েছেন হাফিজ। তিনি বলেন, এর মধ্যে ইতিবাচক দিক হলো বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে প্রথমবারের মতো পুঁজিবাজারকে অনুত্পাদনশীল খাত হিসেবে চিহ্নিত করা হয়নি।