ফ্যাশনশিল্পে ৫০০ কোটি টাকার লোকসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান টানা অবরোধ-হরতালে পোশাক বিক্রি না হওয়ায় এ মাসের ২৭ দিনে দেশীয় ফ্যাশনশিল্পে (বুটিকসহ নানা ধরনের পোশাক) ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন স্থানের তাঁতিদেরও ক্ষতি হয়েছে ২০০ কোটি টাকা।
ফ্যাশন প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ ফ্যাশন উদ্যোক্তা সমিতির (এফইএবি বা ফ্যাশন উদ্যোগ) নেতারা এসব তথ্য জানিয়েছেন। চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রতিবাদে রাজধানীর বেইলি রোডে গতকাল মঙ্গলবার সংগঠনটির নেতারা মানববন্ধন করেন।
মানববন্ধনে অংশ নেন জনা বিশেক র্যাম্প মডেল। মানববন্ধন শেষে তাঁরা বেইলি রোডেই প্রতিবাদী ফ্যাশন শো করেন।
ওই মানববন্ধনে সাম্প্রতিক ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন ফ্যাশন উদ্যোক্তা সমিতির সভাপতি আজহারুল হক। এরপরই রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, এ পর্যন্ত তাঁতিদের ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। তাঁরা এখন বৈশাখী পোশাকের কাজ পাচ্ছেন না। এতে তাঁদের আরও ৩০০ কোটি টাকার ক্ষতি হবে।
উদ্যোক্তারা ৫০০ ফুট দীর্ঘ ব্যানার নিয়ে মানববন্ধনে দাঁড়ান। ব্যানারে ‘পণ্য বিক্রির সুন্দর পরিবেশ চাই’; ‘পুড়ছে মানুষ, পুড়ছে দেশ’; ‘ভাড়া দেবে কে, বেতন দেবে কে?’; ‘তাঁত বাঁচাও, তাঁতি বাঁচাও’; ‘ধ্বংসাত্মক রাজনীতি থেকে পরিত্রাণ চাই’সহ নানা ধরনের স্লোগান দেখা যায়।
মানববন্ধনে সংহতি জানিয়ে অংশ নেন ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের দুই সহসভাপতি মনোয়ারা হাকিম আলী ও হেলাল উদ্দিন।
হেলাল উদ্দিন বলেন, ‘গণতন্ত্রের মূল শক্তিই হয়েছে এখন পেট্রলবোমা। আমরা এই গণতন্ত্র চাই না। সুস্থভাবে ব্যবসা করতে চাই।...আপনারা রাজনীতি করেন। কিন্তু আমাদের পেটের ভাত কেড়ে নেবেন না।’
টাঙ্গাইল শাড়ি ও তাঁতবস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি রঘুনাথ বসাক ক্ষোভের সঙ্গে বলেন, ‘আমরা শাড়ি সরবরাহ করতে পারছি না। অর্ডার পাচ্ছি না। তাঁতিদের বেতন দেব কীভাবে?’