ফ্রাঙ্কফুর্ট মেলায় সোয়া লাখ ডলারের রপ্তানি আদেশ লাভ
জার্মানির ফ্রাঙ্কফুর্টে সম্প্রতি অনুষ্ঠিত আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশের ছয়টি প্রতিষ্ঠান অংশ নেয়। এ মেলায় অংশ নিয়ে প্রতিষ্ঠানগুলো মোট এক লাখ ২৫ হাজার ৬৩৬ ডলার মূল্যের পণ্য রপ্তানির আদেশ পেয়েছে।গত বুধবার ইপিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ইপিবির পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের এ ছয়টি প্রতিষ্ঠান এই বাণিজ্য মেলায় অংশ নেয়। জার্মানির ফ্রাঙ্কফুর্টে গত ২৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হয়। ‘ফ্রাঙ্কফুর্টে আন্তর্জাতিক বাণিজ্য মেলা’ শীর্ষক প্রদর্শনীর আয়োজক ছিল বিশ্বখ্যাত মেলা আয়োজনকারী প্রতিষ্ঠান ‘মিসি ফ্রাঙ্কফুর্ট’। এতে বিশ্বের ৫৮টি দেশের এক হাজার ৭৫৫টি প্রতিষ্ঠান অংশ নেয়।মেলায় অংশ নেওয়া বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো পাটপণ্য, পাট ও কাদামাটির তৈরি ঝুড়িসহ বিভিন্ন হস্তজাত পণ্য প্রদর্শন করে। এতে এক লাখ ২৫ হাজার ৬৩৬ মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানির আদেশ পায় প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে ৮০ হাজার ৬৩৬ ডলার মূল্যের পণ্য আমদানি করবে বলে নিশ্চিত করেছে অন্য দেশের আমদানিকারকেরা। এ ছাড়া ৪৫ হাজার ডলার মূল্যের পণ্য আমদানি করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে আমদানিকারকেরা। ইপিবি জানায়, মেলায় বাংলাদেশি প্যাভিলিয়নে বিপুলসংখ্যক দর্শনার্থী, ক্রেতা ও আমদানিকারকেরা ভিড় করেন। তাঁরা বাংলাদেশি পণ্যের প্রতি নিজেদের আগ্রহ প্রকাশ করেন।মেলায় অংশ নেওয়া সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নেওয়ার ফলে ইউরোপসহ অন্যান্য দেশের ক্রেতা ও আমদানিকারকেরা বাংলাদেশি পণ্যের মান ও দাম সম্পর্কে জানতে পেরেছেন। একই সঙ্গে ইউরোপ ও এর পার্শ্ববর্তী দেশের ক্রেতা ও আমদানিকারকদের সঙ্গে আমাদের অভিজ্ঞতা বিনিময় হয়েছে। এতে করে রপ্তানির পরিমাণ বাড়ানোর সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন মেলায় অংশগ্রহণকারীরা।