ফ্রান্সে এ বছর জিডিপি কমবে
ফ্রান্সে চলতি ২০১৩ সালে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি কমবে। দেশটির সংশোধিত প্রাক্কলনে এ কথা বলা হয়েছে।
নতুন প্রাক্কলন অনুযায়ী ফ্রান্সে এ বছর জিডিপি শূন্য দশমিক ১ শতাংশ কমতে পারে। অথবা শূন্য দশমিক ১ শতাংশ হারে বাড়তে পারে। অর্থমন্ত্রী পিয়েরে মসকোভিচি গত শনিবার জিডিপির এই প্রাক্কলনের কথা জানান।
এর আগে ফরাসি সরকার চলতি বছরে জিডিপি প্রবৃদ্ধি শূন্য দশমিক ১ শতাংশের কিছু কমবেশি হবে বলে আশা করে আসছিল। খবর এএফপির।
পিয়েরে মসকোভিচি নাইস মাতিন পত্রিকাকে বলেন, জিডিপি প্রবৃদ্ধির প্রাক্কলন কমানো হলেও কিন্তু ফ্রান্স এখন মন্দার বাইরে রয়েছে এবং অর্থনীতিতে টেকসই পুনরুদ্ধার ও অধিকসংখ্যক কর্মসংস্থানের প্রক্রিয়া চলছে।
গত ২০১২ সালে পর পর দুই প্রান্তিকে জিডিপি সংকুচিত হওয়ার পরে চতুর্থ প্রান্তিকে (তিন মাসে) তা ইতিবাচক হয়ে ওঠে, অর্থাৎ ঘুরে দাঁড়াতে শুরু করে। এই প্রবণতা চলতি ২০১৩ সালের প্রথম দুটি প্রান্তিকে অব্যাহত ছিল; যা তৃতীয় প্রান্তিকে থাকবে বলে দেশটির অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন। তিনি জানান, শিল্প উৎপাদনসহ সব খাতের সূচকেই উন্নতি ঘটছে।
পিয়েরে মসকোভিচি বলেন, ফ্রান্সের জন্য ২০১৪ সাল হবে প্রকৃত প্রবৃদ্ধির বছর। তিনি জানান, কয়েক সপ্তাহের মধ্যেই ২০১৪ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা করা হবে।