ফ্রান্সে ২০১১ সালে প্রবৃদ্ধি কমবে
ফ্রান্স আগামী ২০১১ সালের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রাক্কলন কমিয়েছে। দেশটি ইতিপূর্বে যেখানে আগামী বছরের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধি আড়াই শতাংশ প্রাক্কলন করেছিল, সেখানে এখন দুই শতাংশের কথা বলছে।প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির সঙ্গে অর্থমন্ত্রীদের এক বৈঠকের পর এই তথ্য জানানো হয়েছে। এই বৈঠকে নিকোলাস সারকোজি মন্ত্রীদের কাছে দেশের অর্থনৈতিক চালচিত্র এবং কীভাবে বাজেট ঘাটতি কমানো হবে সেই সম্পর্কে জানতে চান। চলতি বছর ফরাসি সরকার অর্থনীতিতে ১ দশমিক ৪ শতাংশ বা এর চেয়ে কিছুটা বেশি হবে বলে আশা করছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলও (আইএমএফ) ফ্রান্সের জন্য এই বছর প্রায় একই হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রাক্কলন করেছে। তবে আগামী বছর দেশটিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ১ দশমিক ৬ শতাংশ হবে বলে আইএমএফ মনে করে। বৈঠকের পর নিকোলাস সারকোজি অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয়ে জোর দিয়ে জানান, ২০১১ সালে ফ্রান্সের বাজেট ঘাটতি জিডিপির রেকর্ড আট শতাংশ থেকে কমিয়ে ছয় শতাংশে নামিয়ে আনা হবে। সূত্র: বিবিসি।