ফ্রি ফ্লটের ভিত্তিতে সূচক গণনায় প্রস্তুত সিএসই
ফ্রি ফ্লটের ভিত্তিতে সূচক গণনায় প্রস্তুত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এ ছাড়া জাতীয় সংসদে বিন্যস্তকরণ (ডিমিউচুয়ালাইজেশন) আইন পাস হওয়ার পরবর্তী নয় মাসের মধ্যে এটা সম্পন্ন হবে। আজ মঙ্গলবার সিএসইর ঢাকার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির সভাপতি আল মারুফ খান এসব কথা জানান। পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি, স্টক এক্সচেঞ্জের বিন্যস্তকরণ (ডিমিউচুয়ালাইজেশন) ও নতুন সূচক চালু নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।আল মারুফ খান বলেন, বর্তমানে সিএসই নতুন সূচক প্রণয়ন করতে প্রস্তুত। কোম্পানির তালিকাভুক্তির পর লেনদেন শুরুর দিনের হিসাব বাদ দিয়ে পরের দিন থেকে সূচক গণনা করে আসছে সিএসই। এ ছাড়া ১০০০ পয়েন্টকে মূল ভিত্তি (বেইজ) ধরে সূচক নির্ধারণের প্রস্তুতি নিয়ে রেখেছে সিএসই। রাইট শেয়ার ও বোনাস শেয়ার সংযুক্তির মাধ্যমে সূচক নির্ণয় করার দক্ষতা রয়েছে সিএসইর। তিনি বলেন, ‘আমরা শুধু ফ্রি ফ্লোট শেয়ার নির্ধারণের জন্য অপেক্ষায় ছিলাম।’সিএসইর সভাপতি লিখিত বক্তব্যে বলেন, সিএসই ১৯৯৫ সালের ১০ অক্টোবর থেকে চেইনড পাসসে পদ্ধতি ব্যবহারের মাধ্যমে, সার্বিক শেয়ার মূল্যসূচক চালু করে এবং ১৯৯৯ সালের ৩০ ডিসেম্বর একই সূচককে লাসপেয়ারস পদ্ধতিতে রূপান্তর করে, যা সবচেয়ে স্বচ্ছ এবং বিজ্ঞানসম্মত বলে বিবেচিত হয়। একই সময়ে সিএসই ৩০টি স্ক্রিপের সমন্বয়ে একটি সিলেক্টিভ ইনডেক্সের সূচনা করে, যা সিএসই-৩০ মূল্যসূচক হিসেবে পরিচিত। এই সময় তালিকাভুক্ত সিকিউরিটিজের নির্বাচিত ক্যাটাগরির ভিত্তিতে সিএসসিএক্স সূচকও চালু করে সিএসই। সিএসই ২০০৫ সালে খাতভিত্তিক মূল্যসূচক চালু করে, যার ভিত্তি বছর এবং ভিত্তিমূল্য যথাক্রমে ২০০০ সাল ও ১০০০ পয়েন্ট। সিএসইর সব সূচকেরই গঠন এবং অ্যাডজাস্টমেন্ট প্রোসিডিউর বা সামঞ্জস্য বিধানের পদ্ধতি এক ও অভিন্ন।সিএসই মূল্যসূচকগুলোর মূল ও প্রধান বৈশিষ্ট্য সম্পর্কে তিনি বলেন, কেবল সিএসইতে তালিকাভুক্ত স্টকই বিবেচিত হয়; হিসাবের পদ্ধতি বাজার মূলধন-ভিত্তিক; সূচকের ভিত্তিমূল্য ১০০০; সব সূচকের জন্য ভিত্তি তারিখ ৩০ ডিসেম্বর ১৯৯৯ (বছরের শেষ কার্যদিবস); সিএসই সূচক গণনার জন্য তালিকাভুক্ত/লেনদেনকৃত স্টকগুলির মোট বাজার মূলধন বিবেচনা করে; সার্বিক শেয়ার মূল্যসূচক চালুর তারিখ ১০ অক্টোবর ১৯৯৫ এবং অন্য সূচকগুলো চালু হয় ১ জানুয়ারি ২০০০ থেকে; সিএসই এর সূচকসমূহ অনলাইনে এবং রিয়েল টাইমে প্রচার করে; প্রণয়নের সময় থেকেই সিএসই, বন্ড, ডিবেঞ্চার, প্রেফারেন্স শেয়ার এবং মিউচুয়াল ফান্ড বাদ দিয়েই সূচক গণনা করে।এতে সিএসইর সাবেক সভাপতি ফখরউদ্দিন আলী আহমেদ, সহসভাপতি এম কে এম মহিউদ্দিন, মো. মফিজ উদ্দিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ সাজিদ হোসেন উপস্থিত ছিলেন।