ফ্ল্যাট ও প্লট নিবন্ধনে কর কমানোর দাবি রিহ্যাবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলাকাভেদে ফ্ল্যাট ও প্লট নিবন্ধনে ১৪ থেকে ১৬ শতাংশ কর ও ফি দিতে হয়। আগামী অর্থবছরের বাজেটে সেই কর ও ফি ৭ শতাংশে নামিয়ে আনার দাবি করেছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব।
বর্তমানে সাধারণত ফ্ল্যাট ও প্লট নিবন্ধনে ৪ শতাংশ মুনাফা কর, ৩ শতাংশ স্ট্যাম্প ফি, ২ শতাংশ নিবন্ধন ফি, ২ শতাংশ স্থানীয় সরকার কর এবং ৩ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) দিতে হয়। তার মানে কোনো ক্রেতা ১ কোটি টাকার একটি ফ্ল্যাট কিনলে সেটি নিবন্ধনের জন্য ১৪ লাখ টাকা কর ও ফি দিতে হবে। রিহ্যাব বলছে, ব্যয় বেশি হওয়ার কারণে ফ্ল্যাট বা প্লটের অনেক ক্রেতাই নিবন্ধন করেন না। ফলে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার।
ফ্ল্যাট ও প্লট নিবন্ধনে কর ও ফি কমানোসহ আগামী অর্থবছরের বাজেট বাস্তবায়নের জন্য আবাসন খাত স্বার্থ-সংশ্লিষ্ট বেশ কিছু দাবি জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) লিখিত প্রস্তাব আকারে জমা দিয়েছে রিহ্যাব। এতে গতবারের মতো এবারও বিনা প্রশ্নে বৈধভাবে উপার্জিত অপ্রদর্শিত অর্থ বা কালোটাকা আবাসন খাতে বিনিয়োগের সুযোগ চেয়েছে সংগঠনটি।
এ বিষয়ে রিহ্যাবের দাবি, প্রশ্ন করার সুযোগ থাকায় দুর্নীতি দমন কমিশন (দুদক) ফ্ল্যাট ক্রয়-বিক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট অনেক ব্যক্তিকে চিঠি দিয়েছে। সে জন্য বৈধভাবে উপার্জিত অপ্রদর্শিত অর্থ আবাসন খাতে বিনিয়োগ করতে আগ্রহী গ্রাহকেরা আতঙ্কিত। এ জন্য আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ খুব একটা বিনিয়োগ হচ্ছে না। বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়ে যাচ্ছে।
এ ছাড়া স্বল্প ও মধ্য আয়ের মানুষের জন্য ফ্ল্যাট ও প্লট ক্রয়ে এক অঙ্কের সুদহারে দীর্ঘমেয়াদি ঋণ দেওয়ার জন্য ২০ হাজার কোটি টাকার একটি পুনঃ অর্থায়ন তহবিল গঠনের দাবি করেছে রিহ্যাব। সংগঠনটি বলছে, বিভিন্ন কারণে আবাসন ব্যবসায় লেনদেন ৬০ শতাংশ কমে গেছে। তহবিল গঠন করে ব্যক্তিপর্যায়ে ক্রেতা সৃষ্টি ও আবাসন খাতে গতি ফেরানো সম্ভব। অবশ্য কয়েক বছর ধরেই দাবিটি করছে রিহ্যাব। সরকারের একাধিক মন্ত্রী বিষয়টিকে ইতিবাচক বলেও মন্তব্য করেন। তবে সরকারের তরফ থেকে তহবিল গঠনের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
এলাকাভেদে আবাসিক ও অনাবাসিক ফ্ল্যাটের উদ্যোক্তাদের প্রতি বর্গমিটারে ৬০০ থেকে ৬ হাজার ৫০০ টাকা পর্যন্ত আয়কর দিতে হয়। ব্যবসা খারাপ যাচ্ছে এমন দাবিতে রিহ্যাব আবাসন খাতের উদ্যোক্তাদের আয়কর কমানোর কথা বলেছে। এ ছাড়া ঢাকার বাইরে পরিকল্পিত আবাসন গড়ে তুলতে ঢাকা জেলাসহ বিভিন্ন মেট্রোপলিটন এলাকায় ৫ বছর ও পৌরসভার বাইরের এলাকায় ১০ বছরের কর অবকাশ চেয়েছে রিহ্যাব।