আগামী অর্থবছরের বাজেটে অপ্রদর্শিত টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব
ফ্ল্যাট কিনলে অর্থের উৎস নিয়ে প্রশ্ন করা যাবে না
ফ্ল্যাট কেনায় ৫ থেকে ১০ বছরের জন্য বিনা প্রশ্নে অপ্রদর্শিত টাকা বিনিয়োগের সুযোগ চায় রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। আবাসন খাতের বিদ্যমান মন্দাবস্থা কাটাতে রিহ্যাব নেতারা এ দাবি করেছেন।
গতকাল বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত চলমান প্রাক্-বাজেট আলোচনায় রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আরেফিন এ সুপারিশ করেন। এনবিআর সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে এ সভায় বিভিন্ন খাতের ব্যবসায়ীরা অংশ নেন।
আবাসন খাতে অপ্রদর্শিত আয় বিনিয়োগের সুযোগ দেওয়া প্রসঙ্গে রিহ্যাবের বক্তব্য হলো, আয়কর বিবরণীতে অপ্রদর্শিত অর্থ দিয়ে ফ্ল্যাট কিনলে এর উৎস সম্পর্কে জানতে চাইবে না এনবিআর। এ জন্য আয়কর অধ্যাদেশের ১৯ (বিবিবিবিবি) ধারা পুনঃপ্রবর্তন করা দরকার। রিহ্যাব মনে করে, এ ধারা পুনঃপ্রবর্তন না করলে বিপুল অর্থ বিদেশে পাচার হয়ে যাবে। এ ছাড়া বিভিন্ন দেশে ‘সেকেন্ড হোম’ গ্রহণের সুযোগ থাকায় দেশের অর্থ স্বাভাবিক নিয়মে বিদেশে চলে যাচ্ছে। অপ্রদর্শিত আয় দেশে বিনিয়োগের সুযোগ দিলে ভবিষ্যতে এসব ক্রেতা করজালের আওতায় আসবেন। এতে সরকারের রাজস্ব আদায় বাড়বে।
এ ছাড়া ফ্ল্যাট ও প্লট কেনার সময় নিবন্ধন মাশুল ও কর কমানোর প্রস্তাব করেছে রিহ্যাব। বিভিন্ন ধরনের মাশুল বা করহারের ক্ষেত্রে রিহ্যাবের প্রস্তাব হলো—গেইন ট্যাক্স ৪ শতাংশের পরিবর্তে ২ শতাংশ, স্ট্যাম্প মাশুল ৩ শতাংশের পরিবর্তে দেড় শতাংশ, নিবন্ধন মাশুল ২ শতাংশের বদলে ১ শতাংশ, স্থানীয় সরকার কর ২ শতাংশের পরিবর্তে ১ শতাংশ, মূল্য সংযোজন কর (মূসক) ৩ শতাংশের বদলে দেড় শতাংশ। রিহ্যাব দাবি করছে, বর্তমানে একটি ফ্ল্যাট বা প্লট কিনতে নিবন্ধন পর্যায়ে মাশুল ও কর বাবদ দামের ১৪ শতাংশ ব্যয় হয়। সার্কভুক্ত অন্য দেশে এ ধরনের ব্যয় ৪ থেকে ৭ শতাংশ।
এ ছাড়া অগ্নিনির্বাপক যন্ত্রপাতির আমদানি শুল্ক প্রত্যাহার, সরবরাহ মূসক ও উৎসে কর থেকে আবাসন প্রতিষ্ঠানকে অব্যাহতি, আবাসন খাতে ব্যবহৃত মূলধনি যন্ত্রপাতির আমদানি শুল্ক হ্রাসের সুপারিশ করেছে রিহ্যাব।
এ প্রসঙ্গে এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, রিহ্যাবের সব প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।
এদিকে ওষুধ রপ্তানি আদেশের ৫ শতাংশ পরিমাণ নমুনা ওষুধের ওপর মূসক অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় ওষুধ মালিক সমিতি। বর্তমানে ৩০ হাজার টাকার নমুনা ওষুধ মূসক অব্যাহতি দেওয়া হয়।
ওষুধশিল্প মালিক সমিতির সভাপতি আবদুল মালেক চৌধুরী, ক্যানসার নিরাময়ের ওষুধের কাঁচামাল আমদানি শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করেন। তিনি বলেন, ক্যানসার নিরোধক ওষুধ সম্পূর্ণ শুল্কভাবে আমদানি হয়। তাই দেশে উৎপাদিত ক্যানসারের ওষুধের কাচামালও শুল্কমুক্ত সুবিধায় আনার সুযোগ দেওয়া উচিত। এ ছাড়া রি-রোরেবল স্ক্র্যাপ আমদানিতে টনপ্রতি ৭০০ টাকা আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করেছে রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশন। বর্তমানে পণ্যটি আমদানি করতে টনপ্রতি ১ হাজার ৫০০ টাকা শুল্ক দিতে হয়। সমিতির চেয়ারম্যান মাসাদুল আলম এসব সুপারিশ করেন।
চিনির কাঁচামাল আমদানি শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করেছেন সুগার রিফাইনারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাশিদুজ্জামান চৌধুরী। বর্তমানে টনপ্রতি দুই হাজার টাকার শুল্ক রয়েছে।
প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি জসিম উদ্দিন বলেন, প্লাস্টিক শিল্পের ৭০ শতাংশ পণ্যই রিসাইক্লিং করা যায়। যেসব প্রতিষ্ঠান রিসাইক্লিং করে, সেসব প্রতিষ্ঠানকে মূসকের আওতার বাইরে রাখা উচিত।