ফ্ল্যাট কেনাবেচায় কোথায় কী কর
সিটি করপোরেশন, জেলা শহর, পৌর শহরসহ এলাকাভেদে বর্গমিটার প্রতি নির্দিষ্ট পরিমাণ কর দিতে হবে

আবাসন ব্যবসায় উদ্যোক্তাদেরও ফ্ল্যাট হস্তান্তরের সময় কর দিতে হয়। এ করের পরিমাণ এলাকাভেদে একেক রকম। অভিজাত এলাকায় একটু বেশি, অপেক্ষাকৃত কম অভিজাত এলাকায় কম। চলতি অর্থবছর থেকে নতুন করের হার নির্ধারণ করা হয়েছে। এটি ওই উদ্যোক্তার ওপর উৎসে কর, যা একধরনের অগ্রিম কর বছর শেষে সমন্বয় করা যায়।
আবাসিক উদ্দেশ্যে নির্মিত গুলশান, বনানী, বারিধারা, মতিঝিল ও দিলকুশার কোনো ফ্ল্যাট বিক্রি করা হলে বিক্রেতাকে প্রতি বর্গমিটারে ১ হাজার ৬০০ টাকা কর দিতে হবে। ধানমন্ডি, ডিওএইচএস, মহাখালী, লালমাটিয়া, উত্তরা, বসুন্ধরা, ঢাকা ক্যান্টনমেন্ট, চট্টগ্রামের পাঁচলাইশ, খুলশী, নাসিরাবাদ ও আগ্রাবাদ এলাকায় কোনো ফ্ল্যাট বিক্রি হলে প্রতি বর্গমিটারে করের পরিমাণ ১ হাজার ৫০০ টাকা। এসব এলাকা বাদে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি এবং চট্টগ্রাম সিটির অন্য এলাকায় করের পরিমাণ এক হাজার টাকা। দেশের অন্য সিটি করপোরেশন এলাকায় ফ্ল্যাট বিক্রি করলে বিক্রেতাকে প্রতি বর্গমিটারে ৭০০ টাকা অগ্রিম কর দিতে হবে। আর দেশের অন্য এলাকার জন্য এর পরিমাণ বর্গমিটারপ্রতি ৩০০ টাকা।
তবে ৭০ বর্গমিটারের কম আয়তনবিশিষ্ট ফ্ল্যাটের জন্য বিক্রেতার উৎসে করের হার ২০ শতাংশ কম হবে। আর ৬০ বর্গমিটারের কম আয়তনের ফ্ল্যাট হলে উৎসে কর ৪০ শতাংশ কম হবে।
ক্রেতার কর হার কত, সে বিষয়ে আসা যাক। কেউ ফ্ল্যাট কিনলে তাঁকে কোনো উৎসে কর বা অগ্রিম কর দিতে হয় না। বছর শেষে শুধু বার্ষিক আয়কর বিবরণীতে ফ্ল্যাট কেনার বিষয়টি জানাতে হয়। টাকার সংস্থান হয়েছে কোন কোন খাত থেকে; তা উল্লেখ করতে হয়। কিন্তু কেউ যদি অপ্রদর্শিত আয় দিয়ে ফ্ল্যাট কিনতে চান; তাঁদের জন্য সরকার বিশেষ সুযোগ দিয়েছে।
২০১৩-১৪ অর্থবছরের বাজেটে আয়কর অধ্যাদেশের ১৯ বিবিবিবিবি নামে একটি নতুন ধারা সংযোজন করে অপ্রদর্শিত আয় দিয়ে ফ্ল্যাট কেনার সুযোগ দেওয়া হয়। সুযোগটির কোনো মেয়াদ নেই। তাই যত দিন এই ধারা বাতিল করা না হবে, তত দিন এই সুযোগ অব্যাহত থাকবে। সিটি করপোরেশন, জেলা শহর, পৌর শহরসহ এলাকাভেদে বর্গমিটারপ্রতি নির্দিষ্ট পরিমাণ কর দিতে হবে। সে ক্ষেত্রে বছর শেষে রিটার্ন জমার সময় তা উল্লেখ করলেই হবে।
অপ্রদর্শিত আয় দিয়ে ফ্ল্যাট কিনলে ক্রেতাকে রাজধানী ঢাকাসহ দেশের সিটি করপোরেশনগুলোর এলাকা ও আয়তনভেদে বর্গমিটারপ্রতি ২ হাজার থেকে ৭ হাজার টাকা কর দিতে হয়। এ ছাড়া জেলা সদর পৌরসভা ও অন্য পৌরসভা এলাকা ও আয়তনভেদে ৪০০ থেকে ৮০০ টাকা কর দিতে হবে।