ফ্ল্যাট হস্তান্তরের সময় ১ বছর বাড়িয়ে নিলেন ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা অবরোধ-হরতালের সুযোগ নিয়ে আবাসন প্রকল্প সম্পন্ন এবং ফ্ল্যাট হস্তান্তরের সময়সীমা এক বছর বৃদ্ধি করে নিয়েছেন আবাসন ব্যবসায়ীরা। এ খাতের ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) নিজেদের সদস্যদের জন্য ৭ মার্চ এ বিষয়টি অনুমোদন দিয়েছে।
২০১৩ সালের রাজনৈতিক অস্থিরতার পর গত বছরের জানুয়ারিতে একইভাবে এক বছর সময় বৃদ্ধি করা হয়েছিল। এ সময়সীমা শেষ হতে হতেই নতুন করে আবারও সময় বাড়ানো হলো। আর এ জন্য নির্দিষ্ট সময়ে কোনো ব্যবসায়ী ফ্ল্যাট ও প্লট বুঝিয়ে দিতে ব্যর্থ হলে ক্রেতা বা জমির মালিককে ক্ষতিপূরণ দিতে হবে না। তবে রিহ্যাব বলছে, রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে এটি করতে বাধ্য হয়েছে তারা।
সংগঠনের একাধিক নেতা জানান, কোনো গ্রাহককে যদি আগামী বছরের মার্চ মাসের মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার কথা থাকে, তবে সংশ্লিষ্ট ব্যবসায়ী সেটি এক বছর পর্যন্ত পিছিয়ে দিতে পারবেন। একইভাবে আগের বছরের সিদ্ধান্ত অনুযায়ী, ক্রেতাকে ফ্ল্যাট বুঝিয়ে দিতে যেসব ব্যবসায়ী এক বছর সময় বৃদ্ধি করে নিয়েছিলেন, তাঁরাও নতুন করে সময় বাড়াতে পারবেন। জমির মালিকদের ক্ষেত্রেও একই ব্যবস্থা নিতে পারবেন ব্যবসায়ীরা। ফলে গত ১৪ মাসে ক্রেতাদের ফ্ল্যাট বুঝে পাওয়া সব মিলিয়ে দুই বছর পর্যন্ত পিছিয়ে যাচ্ছে।
জানা যায়, রিহ্যাবের নির্ধারিত ব্যবসার বিধিবিধানের ৮ নম্বর ধারা মোতাবেক এ সিদ্ধান্ত হয়েছে। এতে বলা আছে, চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্প শেষ না হলে ফ্ল্যাট ও প্লট বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যবসায়ী জমির মালিক ও ক্রেতাকে ক্ষতিপূরণ দেবেন। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রেতারা সমস্ত কিস্তি পরিশোধ করে থাকেন। তবে প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিরতা, নির্মাণসমাগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, গ্যাস-বিদ্যুতের সংযোগ পেতে বিলম্ব হলে এ ক্ষতিপূরণ প্রযোজ্য হবে না।
নতুন সিদ্ধান্তের বিষয়ে রিহ্যাবের যুক্তি, চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে গৃহায়ণশিল্পের সামগ্রিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ভবন নির্মাণ কার্যক্রম ও দৈনন্দিন আর্থিক লেনদেন বর্তমানে শূন্যের কোঠায়। ইতিমধ্যে বর্তমান প্রেক্ষাপটে সংগঠনের অনেক সদস্য, জমির মালিক ও ক্রেতাসাধারণের সঙ্গে সম্পাদিত চুক্তি ও শর্ত পালন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। গত বছরও প্রকল্প সম্পন্ন ও হস্তান্তরের সময়সীমা এক বছর বৃদ্ধি করায় সে সময়ে সংকটময় পরিস্থিতির উন্নতি হয়।
এ বিষয়ে রিহ্যাবের কার্যনির্বাহী কমিটির সদস্য সোহেল রানা গতকাল শনিবার বলেন, আইনজীবীর সঙ্গে পরামর্শ করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যাদের প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে, তারা ফ্ল্যাট হস্তান্তর করে দেবেন। কারণ, দেরি করলেই লোকসান গুনতে হবে ব্যবসায়ীদের।
জানতে চাইলে রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন গতকাল প্রথম আলোকে বলেন, ভবন নির্মাণের জন্য মাটির নিচের পাইলিংয়ের কাজ সাধারণত শুষ্ক মৌসুমে করতে হয়। সেটি করা যায়নি। যাঁরা প্রকল্প নিয়েছেন তাঁদের এখন পরবর্তী মৌসুমেই কাজটি করতে হবে। এ ছাড়া অবরোধ-হরতালে অন্য অবকাঠামো নির্মাণ খুবই ধীরগতিতে হচ্ছে। ক্রেতারাও কিস্তি পরিশোধ করছেন না।
রিহ্যাব সভাপতি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে আবাসন ব্যবসায়ীরা আট মাস থেকে এক বছর পর্যন্ত পিছিয়ে গেছেন। ফলে এ সিদ্ধান্ত নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। এতে ক্রেতাদের ভোগান্তি বাড়বে কি না জানতে চাইলে তিনি বলেন, নির্মাণকাজ যত দেরি হবে, খরচ তত বাড়বে। তাই কোনো ব্যবসায়ী জেনেশুনে লোকসান গুনতে চাইবেন না। তার পরও কোনো ব্যবসায়ী সুযোগের অপব্যবহার করলে এবং ক্রেতা লিখিত অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য একটি কমিটি কাজ করছে বলেও জানান তিনি।
এদিকে প্রকল্প সম্পন্ন ও ফ্ল্যাট হস্তান্তরের সময়সীমা বৃদ্ধির বিষয়টি সংগঠনের পক্ষ থেকে প্রচারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ বিষয়ে আলমগীর শামসুল আলামিন বলেন, রিহ্যাবের সব সদস্যকে বলা হয়েছে এ বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবহিত করতে।