ফ্ল্যাটে আগ্রহ বাড়ছে

২০৯টি আবাসন প্রতিষ্ঠান ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত ঢাকায় ১১ হাজার ১৬৫টি ফ্ল্যাট বিক্রি করেছে। একই সময়ে প্রতিষ্ঠানগুলো ৭ হাজার ৮৮৯টি ফ্ল্যাট ক্রেতাদের কাছে বুঝিয়ে দিয়েছে। এসব ফ্ল্যাটের আর্থিক মূল্য ৫ হাজার ৬৫১ কোটি টাকার মতো।
আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সর্বশেষ জরিপে এমন তথ্যই উঠে এসেছে। সংগঠনটির সদস্যসংখ্যা ১ হাজার ২২২। ফলে সব সদস্যের ফ্ল্যাট বিক্রির সংখ্যা কয়েক গুণ হবে বলে মনে করেন সংগঠনটির নেতারা।অবশ্য আবাসন খাতের ব্যবসায়ীরা বলছেন, প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও ফ্ল্যাট বিক্রি কম হচ্ছে। কারণ ঢাকায় জমির উচ্চমূল্যের কারণে ফ্ল্যাটের দাম বেড়ে গেছে। এসব ফ্ল্যাট সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে হলে নিবন্ধন ফি কমাতে হবে। সরকারি উদ্যোগে গৃহঋণের জন্য বিশেষ তহবিলও গঠন করা দরকার। যাতে ক্রেতারা সেই তহবিল থেকে স্বল্প সুদে দীর্ঘ মেয়াদের জন্য ঋণ নিতে পারেন। তবেই ফ্ল্যাট বিক্রি বাড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা।
দীর্ঘদিন ধরে সরকারের কাছে এই দাবিগুলো বাস্তবায়নের জন্য বলছেন রিহ্যাবের নেতারা। দাবি বাস্তবায়িত না হওয়ায় সংগঠনের সভাপতি আলমগীর শামসুল আলামিন ক্ষোভ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, সংবিধান অনুযায়ী অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা—এই পাঁচটি বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার। তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, রহস্যজনক কারণে বাসস্থান আর মৌলিক অধিকারের তালিকায় নেই। না হলে এই খাত এতটা অবহেলিত থাকত না।
বেঙ্গল ওয়ান ক্রিয়েশন লিমিটেড বা বিওসিএল নামের আবাসন প্রতিষ্ঠানটির বর্তমানে মিরপুর ও ধোলাইখালে দুটি ফ্ল্যাটের প্রকল্প আছে। প্রকল্প দুটিতে ফ্ল্যাটের সংখ্যা ৮৮। দোকানের সংখ্যা ১০৯। গত দুই বছরে মাত্র একটি ফ্ল্যাট বিক্রি করতে পেরেছে প্রতিষ্ঠানটি।
বিওসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও রিহ্যাবের সহসভাপতি সোহেল রানা প্রথম আলোকে বলেন, বেচাকেনা একেবারে নেই বললেই চলে। জমির উচ্চমূল্যের কারণে ফ্ল্যাটের দাম বেড়ে গেছে। এমনকি নিবন্ধন খরচও অনেক বেশি। ধানমন্ডির একটি ফ্ল্যাট নিবন্ধন করতে গেলে ২০-২২ লাখ টাকা লাগে। কিন্তু একটি ফ্ল্যাট বিক্রি করে ৫-৮ লাখ টাকাও মুনাফা করতে পারেন না ব্যবসায়ীরা।
সোহেল রানা আরও বলেন, বেচাবিক্রি কম থাকায় আবাসন প্রতিষ্ঠানগুলো নতুন প্রকল্প নেওয়া কমিয়ে দিয়েছে। এতে ভবিষ্যতে ফ্ল্যাটের চাহিদা ও জোগানের মধ্যে ব্যবধান তৈরি হবে। তখন টাকা নিয়ে ঘুরলেও ফ্ল্যাট পাওয়া যাবে না। সে জন্য ভবিষ্যতের চিন্তা করে সরকারকে গৃহঋণের জন্য বিশেষ তহবিল, নিবন্ধন ফি কমানো ও বিনা প্রশ্নে অপ্রদর্শিত আয় আবাসন খাতে বিনিয়োগের সুযোগ দেওয়া উচিত।
ঢাকায় ১ হাজার বর্গফুটের একটি ফ্ল্যাট কিনতে গেলে সর্বনিম্ন ৩৫ লাখ টাকা গুনতে হবে। তার সঙ্গে যুক্ত হবে নিবন্ধন ফি প্রায় সাড়ে ৪ লাখ টাকা ও গ্যাস-বিদ্যুতের মতো আনুষঙ্গিক সেবার জন্য ৫ লাখ টাকা। এই ফ্ল্যাটটি কিনতে কোনো ক্রেতা যদি ৩০ লাখ টাকা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে সর্বনিম্ন ৯ শতাংশ সুদে ঋণ নেন এবং সেটি ২০ বছরে পরিশোধ করতে চান, তাহলে প্রতি মাসে তাঁকে প্রায় ২৭ হাজার টাকার মতো কিস্তি দিতে হবে।
আবাসন ব্যবসায়ীরা বলছেন, মাসে ২৫-৩০ হাজার টাকা কিস্তি দেওয়ার সাধ্য অধিকাংশ মানুষেরই নেই। তবে ঢাকার ভেতরে ফ্ল্যাটের মূল্য কমানোর আর তেমন সুযোগ নেই। কারণ চাহিদার তুলনায় জমির পরিমাণ কম, দাম আকাশছোঁয়া। তবে সাভার, কেরানীগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদীর মতো এলাকায় জমির দাম এখন পর্যন্ত ঢাকার চেয়ে কম। সেখানে প্রকল্প করলে ফ্ল্যাটের মূল্য কম হবে। তবে তার আগে ঢাকা থেকে এসব এলাকায় যাওয়ার যোগাযোগব্যবস্থা ও অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে। তাই স্বল্প আয়ের মানুষের হাতের নাগালে আবাসন নিতে হলে ব্যবসায়ীদের নিয়ে সরকারের দীর্ঘমেয়াদি সমন্বিত উদ্যোগ দরকার।
রিহ্যাবের সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া বলেন, ঢাকায় জমির সংকটের কারণে নতুন প্রকল্প নিতে পারছেন না ব্যবসায়ীরা। ভবিষ্যতে আবাসন সংকট মোকাবিলা করতে হলে ঢাকার আশপাশে নাগরিক সুবিধাসহ স্যাটেলাইট শহর গড়ে তুলতে হবে।
জানতে চাইলে রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন বলেন, ‘ঢাকার আশপাশে এখনো প্রচুর খালি জমি চোখে পড়ে। অর্থাৎ সুযোগ আছে। সরকার যদি শুধু যোগাযোগব্যবস্থা উন্নত করে দেয়, তবে বাকিটা আমরা ব্যবসায়ীরা করে নিতে পারব।’