ফ্ল্যাটের নিবন্ধন ফি কমানো দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

আলমগীর শামসুল আলামিন
আলমগীর শামসুল আলামিন

দেশের আবাসন খাতের ব্যবসার বর্তমান অবস্থা, গৃহঋণ, স্বল্প আয়ের মানুষের জন্য আবাসনের ব্যবস্থার উপায়সহ বিভিন্ন বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি আলমগীর শামসুল আলামিন

প্রথম আলো: দেশের আবাসন ব্যবসার বর্তমান অবস্থা কী?

আলমগীর শামসুল আলামিন: আমরা আবাসন ব্যবসায়ীরা যে হারে নতুন ফ্ল্যাটের প্রকল্প নিতাম, এখন আর সে হারে নিচ্ছি না। বরং পুরোনো প্রকল্প শেষ করতেই এখন সবাই মনোযোগ দিচ্ছেন। কারণ, ফ্ল্যাটের বেচাকেনা কম। ব্যাংক থেকে ঋণ পাচ্ছেন না ব্যবসায়ীরা। সে জন্য প্রকল্পগুলোর বাস্তবায়ন ধীরগতিতে হচ্ছিল। গত ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত পাঁচ দিনের আবাসন মেলায় অনেক ক্রেতা ফ্ল্যাটের খোঁজখবর নিয়েছিলেন। আমরা আশায় বুক বেঁধেছিলাম। সব মিলিয়ে ব্যবসায় কিছুটা চাঙা ভাব এসেছিল। তবে সাম্প্রতিক সময়ে জঙ্গি হামলার কারণে সেটি আবার নষ্ট হয়ে গেছে। তা ছাড়া বাজেটে অনেকগুলো যৌক্তিক দাবি জানালেও কোনোটাই বাস্তবায়ন হয়নি। বিশেষ করে স্বল্প সুদে ক্রেতাদের জন্য দীর্ঘমেয়াদি গৃহঋণের ব্যবস্থা, নিবন্ধন ফি কমানো, বিনা প্রশ্নে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ চেয়েছিলাম। কিছুই দেওয়া হয়নি। ফলে আবাসন ব্যবসায় সুবাতাস বইবার মতো কিছু ঘটছে না।

প্রথম আলো: আবাসন ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে এক অঙ্কের সুদ হারে গৃহঋণের দাবি করে আসছিলেন। বর্তমানে কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সেই সুবিধা দিচ্ছে ক্রেতাদের। এতে কি কোনো ইতিবাচক প্রভাব পড়েছে?

আলমগীর শামসুল আলামিন: দীর্ঘদিন চেষ্টার পর পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। হাতে গোনা কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এক অঙ্কের সুদ হারে ঋণ দিচ্ছে। যারা দিচ্ছে তারা ভালো ব্যবসা করছে। তবে বড় আকারে প্রভাব ফেলতে হলে গৃহঋণের সুদের হার আরও কমানো প্রয়োজন। এ ছাড়া প্রত্যেক ক্রেতাই কিন্তু তাঁর মাসিক বেতন বা আয় হিসাব করে ঋণ নেন। এক দুই বছর পর সেই ঋণের সুদের হার যদি বেড়ে যায়, তখন ক্রেতা বিপদে পড়ে যান। এ জন্য সুদের হারটি অবশ্যই ফিক্সড বা অপরিবর্তনীয় এবং দীর্ঘমেয়াদি হতে হবে।

প্রথম আলো: ভবিষ্যতে ফ্ল্যাটের দাম কমার সম্ভাবনা কেমন?

 আলমগীর শামসুল আলামিন: ফ্ল্যাটের দাম কমার আর কোনো সুযোগ নেই। কারণ, বিগত কয়েক বছরে ফ্ল্যাটের প্রচুর জোগানের বিপরীতে স্বল্প চাহিদার কারণে বাড়তি যে দাম ছিল, তা সংশোধন হয়ে গেছে। আর যেহেতু বর্তমানে ব্যবসায়ীরা ফ্ল্যাটের প্রকল্প কম নিচ্ছেন, তাতে ভবিষ্যতে চাহিদা বাড়লে ফ্ল্যাটের দাম বাড়বে। গত বছরের চেয়ে ফ্ল্যাটের চাহিদা ১০-১৫ শতাংশ বেড়েছে। তবে প্রকৃত চাহিদা বৃদ্ধি পায়নি, বরং নতুন ফ্ল্যাটের জোগান কমে যাওয়ার কারণেই চাহিদা বেড়েছে। আর ফ্ল্যাটের দাম ৫-৬ শতাংশের বেশি বৃদ্ধি পায়নি। মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করলে এটি স্বাভাবিকই বলতে হবে।

প্রথম আলো: আপনি বলছেন, ব্যবসায়ীরা ফ্ল্যাটের নতুন প্রকল্প কম নিচ্ছেন। তাতে ভবিষ্যতে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি কিংবা ফ্ল্যাট প্রাপ্তিতে সংকট হওয়ার কোনো আশঙ্কা আছে কি?

 আলমগীর শামসুল আলামিন: তেমনটি হওয়ার আশঙ্কা কম। কারণ, ফ্ল্যাটের প্রকল্পগুলো দীর্ঘমেয়াদি। কমপক্ষে একেকটি প্রকল্প শেষ করতে ২৪ থেকে ৩৬ মাস সময় লাগে। আর চাহিদাও তো এক দিনে হয় না। চাহিদা তৈরি হলে ব্যবসায়ীরাও নতুন নতুন প্রকল্প নেওয়া শুরু করবেন।

প্রথম আলো: ব্যবসায়ীরা প্রায়ই বলেন, ঢাকার ভেতরে জায়গা কমে আসছে। সে জন্য ফ্ল্যাটের দামও বাড়ছে। তো ফ্ল্যাটের দাম কমানোর কোনো উপায় কি আছে?

 আলমগীর শামসুল আলামিন: ঢাকার ভেতরে জায়গা কমছে, এটি সত্য। তবে ঢাকার আশপাশের এলাকাগুলোতে এখনো প্রচুর জায়গা খালি আছে। সরকার যদি রাস্তাঘাট, বিদ্যুতের মতো অবকাঠামো করে দেয়, তাহলে আবাসন ব্যবসায়ীরা বাকিটা করতে পারবেন। যেমন গাজীপুরে এখনো জমির দাম কম। সেখানকার যাতায়াতব্যবস্থা উন্নত হলেই ব্যবসায়ীরা সেখানে যাবেন। জমির দাম কম হওয়ায় সেখানে ফ্ল্যাটের দামও কম হবে।

প্রথম আলো: স্বল্প আয়ের মানুষের আবাসনব্যবস্থা কি আদৌ করা সম্ভব?

 আলমগীর শামসুল আলামিন: আমরা দায়িত্ব নিতে প্রস্তুত আছি। তবে সরকার সহযোগিতা না করলে কখনোই এটি সম্ভব নয়। সরকারের সাহায্য ছাড়া পৃথিবীর কোনো দেশেই স্বল্প আয়ের মানুষের জন্য আবাসন নিশ্চিত করা যায়নি।

প্রথম আলো: সরকারের কাছ থেকে কী ধরনের সহযোগিতা পাওয়ার কথা বলছেন?

 আলমগীর শামসুল আলামিন: সহযোগিতা অনেকভাবে করা যায়। ধরুন, সরকার গুলশান এলাকার একটি জমি কোনো আবাসন প্রতিষ্ঠানকে দিয়ে বলল, তুমি এখানে ফ্ল্যাট বানাও। এখান থেকে তুমি মুনাফা করো। তবে কালশীতে তুমি একই আয়তনের সরকারি জমিতে একটি ফ্ল্যাট প্রকল্প বিনা পয়সায় করে দিতে হবে। এমনটা করলে স্বল্প আয়ের মানুষের জন্য কম দামে ফ্ল্যাট দেওয়া সম্ভব। মালয়েশিয়ায় এভাবেই স্বল্প আয়ের মানুষের জন্য আবাসনের ব্যবস্থা করছে দেশটির সরকার। তা ছাড়া ফ্ল্যাটের নিবন্ধন ফি কমানো দরকার। আমরা খোঁজ নিয়ে দেখেছি, সার্কভুক্ত অন্য দেশের চেয়ে কিছু ক্ষেত্রে আমাদের এখানে নিবন্ধন ফি প্রায় দ্বিগুণ। জনগণের মৌলিক চাহিদার একটি হচ্ছে বাসস্থান। সেটি পূরণ করার জন্য হলেও নিবন্ধন ফি কমানোর বিষয়ে সরকারকে জরুরি সিদ্ধান্ত নেওয়া উচিত।

 প্রথম আলো: স্বল্প ও মধ্য আয়ের মানুষের জন্য দীর্ঘদিন ধরে রিহ্যাব একটি বিশেষ তহবিল দাবি করে আসছে। কেন এটি হচ্ছে না?

 আলমগীর শামসুল আলামিন: ঢাকা শহরের ফ্ল্যাটের বড় অংশের মালিকানা একটি প্রভাবশালী মহলের হাতে। তারাই ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে মাসে মোটা টাকা পকেটে ভরে। তারা আসলে চায় না, সরকারের তরফ থেকে গৃহঋণের জন্য একটি বিশেষ তহবিল হোক। কারণ, তহবিল হলে মানুষ ফ্ল্যাটের মালিক হবেন। আর তেমনটি হলে তাঁরা নিজেদের ফ্ল্যাট কীভাবে ভাড়া দেবেন। সে জন্যই হয়তো আশ্বাস দেওয়া সত্ত্বেও কোনো রহস্যজনক কারণে বিশেষ তহবিল হচ্ছে না।

সাক্ষাৎকারটি নিয়েছেন শুভংকর কর্মকার