ফ্ল্যাটের নিবন্ধন ব্যয় ৭ শতাংশ করার দাবি
বাস্তবায়িত না হওয়ায় বেশ কয়েক বছরই ধরে একই দাবি জানাচ্ছে সংগঠনটি।
আবাসন ব্যবসায়ীদের দীর্ঘদিন চেষ্টা–তদবিরের পর ফ্ল্যাটের নিবন্ধন ব্যয় কিছুটা কমেছে। বর্তমানে নিবন্ধন ব্যয়ের হার ১০ থেকে সাড়ে ১২ শতাংশ। এরপরও সেটি সার্কভুক্ত দেশগুলোর তুলনায় বেশি। তাই আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেটে নিবন্ধন ব্যয় ৭ শতাংশে নামিয়ে আনার দাবি জানিয়েছেন এ খাতের ব্যবসায়ীরা।
নিবন্ধন ব্যয় কমানোর দাবির পেছনে আবাসন ব্যবসায়ীদের যুক্তি, নিবন্ধন ব্যয় বেশি হওয়ায় ফ্ল্যাট বা প্লটের ক্রেতারা নিবন্ধনের আগ্রহ হারিয়ে ফেলেছেন। ফলে খাতটি থেকে রাজস্ব আয় কম পাচ্ছে সরকার। তাঁরা গেইন ট্যাক্স ২ শতাংশ, স্ট্যাম্প ফি ১, রেজিস্ট্রেশন ফি ১, স্থানীয় সরকার কর ১ ও মূল্য সংযোজন কর বা ভ্যাট দেড় শতাংশ করার দাবি করেছেন।
আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আগামী বাজেটে নিবন্ধন ব্যয় কমানো, স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণ দেওয়ার জন্য ২০ হাজার কোটি টাকার তহবিল, ৫-১০ বছরের জন্য বিনা প্রশ্নে কালোটাকা বিনিয়োগের সুযোগ দেওয়াসহ ১১টি দাবি জানিয়েছে। বাস্তবায়ন না হওয়ায় বেশ কয়েক বছর ধরে একই দাবি জানাচ্ছে সংগঠনটি।
আকাশছোঁয়া দামের কারণে সাধারণ মানুষের পক্ষে ফ্ল্যাট কেনাটা দিন দিন স্বপ্নের মতো হয়ে উঠছে। ক্রেতাদের জন্য স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণের ব্যবস্থা করা গেলেই এই সমস্যার সমাধান কিছুটা হলেও সম্ভব। তাই দীর্ঘদিন ধরে ২০ হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠন করার দাবি করে আসছে রিহ্যাব। এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রায় এক যুগ আগে বাংলাদেশ ব্যাংক পুনঃ অর্থায়ন তহবিল করেছিল। তখন ৯ শতাংশ সুদে গৃহঋণ পেয়েছিলেন গ্রাহকেরা।
বিনা প্রশ্নে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়ায় আবাসন খাতে গত এক বছরে প্রায় ৫ হাজার কোটি টাকা এসেছে। এতে অর্থনীতি চাঙা হয়েছে। নতুন কর্মসংস্থান হয়েছে। সে কারণে আমরা বিনা প্রশ্নে ৫-১০ বছরের জন্য অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ চেয়েছি।আলমগীর শামসুল আলামিন, সভাপতি, রিহ্যাব
তহবিলের বিষয়ে সংগঠনটি বলছে, আবাসনশিল্পকে রক্ষা করতে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ২০ হাজার কোটি টাকার রি-ফাইন্যান্সিং বা পুনঃ অর্থায়নের ব্যবস্থা করা প্রয়োজন। এই তহবিল থেকে মানুষ ঢাকাসহ আশপাশের এলাকায় দেড় হাজার বর্গফুট বা তার চেয়ে ছোট ফ্ল্যাট ক্রয়ের জন্য স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণ নিতে পারবে। এ ক্ষেত্রে ডিবিএইচ, আইডিএলসি, ন্যাশনাল হাউজিংয়ের মতো প্রতিষ্ঠানের মাধ্যমে সহজ শর্তে ঋণ বিতরণ করা যেতে পারে।
আগামী ৫-১০ বছরের জন্য বিনা প্রশ্নে আবাসন খাতে বৈধভাবে উপার্জিত অপ্রদর্শিত অর্থ বা কালোটাকা বিনিয়োগের সুবিধা চায় রিহ্যাব। এ জন্য তারা যুক্তি দিয়েছে, কালোটাকা বিনিয়োগের সুযোগ না দিলে বিদেশে পাচার বাড়বে। বর্তমানে আবাসনে কালোটাকা বিনিয়োগ করলে সরকারের কোনো সংস্থা প্রশ্ন করে না। চলতি অর্থবছরের বাজেটে ঢালাও এই সুযোগ দেওয়া হয়। সম্প্রতি অর্থমন্ত্রী বলেছেন, যত দিন অপ্রদর্শিত অর্থ থাকবে, তত দিন সাদা করার সুযোগ দেওয়া হবে। তার মানে রিহ্যাবের এই দাবিটি আসছে বাজেটে পূরণ হওয়ার সম্ভাবনাই বেশি।
আবাসন ব্যবসায়ীদের আয়কর কমানোর সুপারিশ করেছে রিহ্যাব। তাদের দাবি, গত কয়েক বছর দেশের আবাসন খাত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। অধিকাংশ ব্যবসায়ী উচ্চ সুদে ব্যাংকঋণ নিয়ে তা পরিশোধ করতে পারছেন না। তাই গুলশান, বনানী, বারিধারা ও মতিঝিলের আবাসিক ফ্ল্যাটের প্রতি বর্গমিটারে ৫০০ টাকা এবং ধানমন্ডি, লালমাটিয়া, উত্তরা, কারওয়ান বাজার, খুলশী, পাঁচলাইশ, আগ্রাবাদ ও নাসিরাবাদে আবাসিক ফ্ল্যাটের প্রতি বর্গমিটারে ৪৫০ টাকা আয়কর নির্ধারণের দাবি করেছে সংগঠনটি।
পুরোনো ফ্ল্যাটের নিবন্ধন ব্যয় কমিয়ে এনে সেকেন্ডারি বাজার তৈরির দাবি করেছে রিহ্যাব। তাদের সুপারিশ, দ্বিতীয়বার ফ্ল্যাট ও প্লট ক্রয়–বিক্রয়ে রেজিস্ট্রেশন ফি, স্ট্যাম্প ডিউটি, গেইন ট্যাক্স ইত্যাদি সাড়ে ৩ শতাংশ করা হলে সেকেন্ডারি বাজার গড়ে উঠবে।
জানতে চাইলে রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন প্রথম আলোকে বলেন, ‘ফ্ল্যাটের নিবন্ধন ব্যয় সহনীয় মাত্রায় নামিয়ে আনা প্রয়োজন। সেটি হলে ফ্ল্যাট নিবন্ধনের সংখ্যার পাশাপাশি সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে। সে জন্য আমরা নিবন্ধন ব্যয় সর্বমোট ৭ শতাংশ করার দাবি করেছি।’
রিহ্যাব সভাপতি আরও বলেন, ‘বিনা প্রশ্নে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়ায় আবাসন খাতে গত এক বছরে প্রায় ৫ হাজার কোটি টাকা এসেছে। এতে অর্থনীতি চাঙা হয়েছে। নতুন কর্মসংস্থান হয়েছে। সে কারণে আমরা বিনা প্রশ্নে ৫-১০ বছরের জন্য অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ চেয়েছি। বাজেটে ঘোষণাটি এলে ক্রেতাদের মধ্যে আস্থা বাড়বে।’