অবৈধ ব্যাংকিং করার দায়ে ফয়সাল ইনভেস্টমেন্ট ফাউন্ডেশনের (এফআইএফ) নিবন্ধন বাতিল করেছে সরকার। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সাধারণ মানুষের কাছ থেকে আমানত সংগ্রহের অভিযোগ রয়েছে।বিতর্কিত দুই প্রতিষ্ঠান যুব কর্মসংস্থান সোসাইটি (যুবক) ও আইটিসিএল একইভাবে আমানত সংগ্রহ করেছিল। এই অর্থ এখনো ফেরত পাননি আমানতকারীরা।সম্প্রতি যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর (রেজসকো) থেকে এফআইএফের চেয়ারম্যান এম আতাউর রহমানকে চিঠি দিয়ে নিবন্ধন বাতিলের কথা জানানো হয়। এম আতাউর রহমান দিগন্ত মিডিয়া ও ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং ইবনে সিনা ট্রাস্টের উপদেষ্টা।এদিকে অবৈধ ব্যাংকিং ব্যবসার পাশাপাশি এফআইএফের চেয়ারম্যান এম আতাউর রহমানের বিরুদ্ধে জঙ্গিবাদে মদদ দেওয়ারও অভিযোগ উঠেছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নিতে অর্থ মন্ত্রণালয়কে একটি চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।এম আতাউর রহমানকে লেখা যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মগুলোর রেজিস্ট্রার আহমেদুর রহিম স্বাক্ষরিত এফআইএফের নিবন্ধন বাতিলের চিঠিতে বলা হয়েছে, ‘আপনার প্রতিষ্ঠানটিকে ১৮৬০ সালের সোসাইটি রেজিস্ট্রেশন আইনানুযায়ী এর আগে নিবন্ধন দেওয়া হলেও আইনের ২০ নম্বর ধারা এবং ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনের বিধান লঙ্ঘন করে ব্যাংকিং ব্যবসায় নিয়োজিত বলে বাংলাদেশ ব্যাংকের তদন্তে দেখা যায়। তিন দফা চিঠি দিয়েও এর কোনো ব্যাখ্যা বা জবাব পাওয়া যায়নি। এ অবস্থায় এফআইএফের নিবন্ধন কেটে দেওয়া হলো।’এম আতাউর রহমান গতকাল সোমবার মুঠোফোনে প্রথম আলোকে জানান, ‘এফআইএফের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। নিবন্ধন বাতিলের বিরুদ্ধে আদালতে রিট মামলা করা হয়েছে।’এফআইএফের অবৈধ ব্যাংকিং নিয়ে বাংলাদেশ ব্যাংকের এক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ‘বেআইনিভাবে এবং উচ্চ হারে মুনাফা দেওয়ার লোভ দেখিয়ে জনগণের কাছ থেকে স্থায়ী আমানত সংগ্রহে নিয়োজিত এফআইএফ। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত প্রায় ২০ কোটি টাকা আমানত সংগ্রহ করেছে। এ বিষয়ে কোনো শরিয়াহ্ বোর্ড বা কাউন্সিল না থাকা সত্ত্বেও অবৈধ ব্যাংকিংসহ সবকিছুই করা হচ্ছে ইসলামি শরিয়াহ্র নাম ভাঙিয়ে।’ এফআইএফের সঙ্গে সম্পর্কিত বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট কোম্পানি (বেমকো) নামে আরেকটি প্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে পেয়েছে বাংলাদেশ ব্যাংক। এফআইএফে যাঁরা স্থায়ী আমানত জমা রাখেন, বেমকোর মাধ্যমে সেই আমানতের একাংশ শেয়ারবাজারে বিনিয়োগ করা হয়। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে অবৈধ আখ্যা দেওয়া হয় এ বিষয়কেও।জানা যায়, এফআইএফ জনগণের কাছ থেকে বিনিয়োগকারী আমানত কর্মসূচি বা ইনভেস্টরস ডিপোজিট স্কিম, মাসিক আমানত কর্মসূচি বা ডিপোজিট স্কিম এবং স্বল্পমেয়াদি মুদারাবা ডিপোজিট হিসাব নামে তিন ধরনের আমানত সংগ্রহ করে থাকে। ব্যাংকের মতোই আমানতকারীদের জমানো অর্থ চাওয়া মাত্র পরিশোধ করে প্রতিষ্ঠানটি।অথচ ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, ব্যাংক ও ক্ষেত্রবিশেষে কিছু আর্থিক প্রতিষ্ঠান ছাড়া জনগণের কাছ থেকে কেউ আমানত সংগ্রহ করতে পারে না।সূত্র জানায়, এফআইএফ ও বেমকো উভয়ে উভয়ের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান। উভয় প্রতিষ্ঠানের অফিস ঠিকানা, ফোন নম্বর এবং ই-মেইল ঠিকানাও এক। ২০০২ সালের মাঝামাঝি প্রতিষ্ঠানটি এসইসি থেকে ‘পোর্টফোলিও ম্যানেজার’ হিসেবে নিবন্ধন নেয়। বেমকোতে যাঁরা আমানত রাখেন, তাঁদের ২০ শতাংশ হারে লভ্যাংশ দেওয়া হয়। এফআইএফের চেয়ারম্যান আতাউর রহমানই বেমকোর ব্যবস্থাপনা পরিচালক।এফআইএফের ব্যবস্থাপক গোলাম মোস্তফা গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘এফআইএফে আমি নতুন যোগ দিয়েছি। এখনো তেমন কিছু বুঝে উঠতে পারিনি। শুনেছি রেজসকো থেকে নিবন্ধন বাতিল করা হয়েছে।’