বকনা বাছুর কিনতে ঋণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকনা বাছুর কিনতে একজন গ্রাহককে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত ঋণ-সুবিধা দিতে পারবে ব্যাংক। এ ক্ষেত্রে একজন গ্রাহককে সর্বোচ্চ চারটি বকনা বাছুর কিনতে এ ঋণ দেওয়া যাবে। গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। নির্দেশনা অনুযায়ী, প্রতিটি বকনা বাছুর কেনার জন্য ৪০ হাজার টাকা এবং লালনপালনের জন্য ১০ হাজার মিলিয়ে মোট ৫০ হাজার টাকা ঋণ পাওয়া যাবে। সর্বোচ্চ তিন মাসের মধ্যে প্রজননক্ষম হতে পারে এমন বকনা বাছুর কেনার ক্ষেত্রেই এ ঋণ-সুবিধা মিলবে। আর ঋণ বিতরণের ক্ষেত্রে নারী এবং প্রান্তিক খামারিদের অগ্রাধিকার দিতে বলা হয়েছে। ঋণগ্রহীতারা ঋণের কিস্তি পরিশোধের ক্ষেত্রে সর্বোচ্চ ১৪ মাস গ্রেস পিরিয়ডের সুবিধা পাবেন। অর্থাৎ ঋণ গ্রহণের পর ১৪ মাস পর্যন্ত কিস্তি পরিশোধ করতে হবে না। তবে ৩৬ থেকে সর্বোচ্চ ৫৪ মাস অর্থাৎ তিন থেকে সাড়ে চার বছরের মধ্যে ঋণ পরিশোধ করতে হবে।